খননের অভাবে ভরাট হয়ে যাচ্ছে যমুনেশ্বরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের টুপামারী, লক্ষ্মীচাপ, রামনগর, ইটাখোলা, চোপড়া সরমজামী ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত যমুনেশ্বরী নদীটি খননের অভাবে ভরাট হয়ে অস্তিত্ব হারাতে বসেছে। ভরাট হওয়া নদী দখল করে প্রভাবশালী ব্যক্তিরা চাষাবাদ করছেন। এতে করে বোরো মৌসুমে যেমন নদীর পানি ব্যবহার করে সেচের আবাদ করা যাচ্ছে না, তেমনি বর্ষায় নদীর দুকূল উপচে বন্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বর্ষায় কয়েক হাজার একর জমিতে আমন আবাদ করা যাচ্ছে না।এলাকাবাসী জানান, একসময় ১২ মাস এই নদীতে পানি থাকায় এর নামকরণ করা হয়েছিল যৌবনেশ্বরী নদী, যা পরবর্তী সময়ে যমুনেশ্বরী নামে পরিচিতি লাভ করে। কিন্তু এখন নদীর অস্তিত্বই খুঁজে পাওয়া দুষ্কর। এলাকাবাসী জানায়, জিয়াউর রহমান একসময় নদীটি খননের পর এর পার্শ্ববর্তী এলাকার জমিতে চাষাবাদ বেড়েছিল। কিন্তু ১৮-২০ বছর ধরে নদীটি খনন না করায় আগের সে অবস্থা নেই।ইটাখোলা গ্রামের সলিমুদ্দিনের ছেলে মশফিকুল ইসলাম (২৫) বলেন, ‘বাপ-দাদার কাছে শুনছি, এটা খুব বড় নদী ছিল। এর পানি কুন দিন শুকাইছিল না। এই জন্য এর নাম ছিল যৌবনেশ্বরী। আর এখন নদী নাই। গোটাটাই মানুষ দখল করি আবাদ করছে। বর্ষার সময় বেশি বৃষ্টি হইলে এমন বন্যা হয় যে আশপাশের সবকিছু ডুবি যায়। আমন আবাদ হয় না।’একই গ্রামের বসেতুল্লাহ মিয়ার ছেলে হাফিজুল ইসলাম (৫০) বলেন, ‘হামরা ছোট বেলায় দেখছি, এই নদীটাত ওথাও (গভীর) পানি ছিল। জিয়াউর রহমান আসি এঠে নালা কাটছিল। পরের কয় বছর বন্যাও হয় নাই। জমিগুলাত আবাদও হইছিল। এখন নদী বন্ধ হইতে হইতে নালাটাও বন্ধ করি মানুষ আবাদ করছে।’জমিগুলো কারা দখল করছে জানতে চাইলে হাফিজুল ইসলাম বলেন, ‘এঠে গরিব মানুষ আবাদ করির পায় না। নদীর উপরত যার জমি আছে, নদীর জমি তায় দখল করেছে।’ তিনি বলেন, ‘এখন মুরাই (সবখানে) দখল হইছে।’ওই নদীর ধারে কথা হয় গ্রামের সলিম উদ্দিনের (৭৫) সঙ্গে। তিনি নদীর দিকে ইশারা করে এই প্রতিবেদককে বলেন, ‘হেই যে দেখছেন, খ্যাতগুলান, ওইগুলান তাবৎ নদী ছিল। আগত ইটা বড় নদী ছিল, নৌকা চলছিল অঘন (অগ্রহায়ণ)-পৌষ মাসেও। ৫৫-৫৬ বছর আগত নদীটাত এত স্রোত ছিল যে নামায় যাইত না। এখন নদীও নাই, নৌকাও নাই। মেশিন দিয়া পানি ওঠে নদীর উপর সেচের আবাদ করেছে। আর বর্ষা আইসলে আমন ধান তলে যায়ছে।’গ্রামের আবদুস সাত্তার (৬০) বলেন, আগে এই নদীতে অনেক খাল-বিল ছিল। এখন পলি পড়ে ভরাট হয়ে গেছে। তিনি বলেন, নদীর ওপর তাঁর বাত-আট বিঘা জমি আছে। নদীর জমি তিনি দখল করে চাষাবাদ করছেন এমন অভিযোগ প্রসঙ্গে বলেন, এই নদীটা ব্যক্তিমালিকানার রেকর্ড করা জমির ওপর। এখানে সামান্য কিছু খাসজমি থাকলেও নদীর ওপরে যাঁর জমি আছে, তাঁরাই দখল করে রেকর্ডপত্রও করে নিয়েছেন।ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, নদীটি ডোমার উপজেলায় উৎপত্তি হয়ে নীলফামারী জেলা সদরের লক্ষ্মিচাপ, টুপামারী, রামনগর, ইটাখোলা, পঞ্চপুকুর ইউনিয়ন হয়ে চাপড়া সরমজামী ইউনিয়নের চারালকাটা নদীতে মিলিত হয়েছে। নদীটি প্রায় ১৮ বছর ধরে খনন না হওয়ায় ভরাট হয়ে গেছে। এতে করে কয়েক হাজার একর জমি অনাবাদি থাকছে। তিনি বলেন, নদীর ওপরে যাঁদের জমি আছে, তাঁরাই নদীটি দখল করে আরও ভরাট করছেন। নদীটি খননের জন্য চেষ্টা করছি। কিন্তু বরাদ্দের অভাবে তা করা যাচ্ছে না। এ বছর ইটাখোলা ইউনিয়নের প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে নদীটি পুনরায় খননের জন্য ৮০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে। স্থানীয় সাংসদ সুপারিশ করে একটি ডিও লেটারও দিয়েছেন। বরাদ্দ পাওয়া গেলে নদীটি পুনরায় খননের কাজ শুরু করা হবে।পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমরা নদী খননের জন্য প্রতিবছর প্রস্তাব পাঠাই কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ার কারণে খনন করা হয় না।’ তিনি আরও বলেন, ‘এ বছর আমরা স্থানীয় সাংসদের ডিও লেটারসহ ১৯টা নদী ও খাল খননের প্রস্তাব পাউবোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। এখনো বরাদ্দ পাইনি।’