দেশের খনি থেকে কয়লা তোলা নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট হলেও কয়লাখনি উন্নয়নের দায়িত্ব নিতে চাইছে একাধিক সরকারি কোম্পানি। এদিকে এশিয়া এনার্জি করপোরেশন ফুলবাড়ী খনি উন্নয়নের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি (বিসিএমসিএল) কয়লাখনিগুলো উন্নয়নের দায়িত্ব তাদের দিতে ৩ মে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে। এ ছাড়া সরকারি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি (কোল বাংলা) গত ২৪ এপ্রিল একটি খনি উন্নয়নের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ে।জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা, বিসিএমসিএল, কোল বাংলা এবং সংশ্লিষ্ট বেসরকারি সূত্রগুলো জানায়, অপেক্ষাকৃত কম দামে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের কয়লা ব্যবহারের সরকারি পরিকল্পনাকে কেন্দ্র করে এসব তৎপরতা শুরু হয়েছে; যদিও দেশের কয়লা তোলার ব্যাপারে সরকারের অবস্থান এখনো অস্পষ্ট।সূত্রগুলো জানায়, সরকার তার ‘ভিশন ২০২১’-এ বিদ্যুৎ উৎপাদনে দেশের কয়লা ব্যবহারের পরিকল্পনা করেছে। ওই পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে গত ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় প্রকৌশলীদের এক অনুষ্ঠানে বলেন, দেশের খনি থেকে কয়লা না তুলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমা রাখা হবে। আমদানি করা কয়লা দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই বক্তব্যের এক মাস পর ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, দেশের খনি থেকে কয়লা তুলে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের আছে।এরপর ২৪ এপ্রিল সচিবালয়ে এক সভায় কোল বাংলা একটি কয়লাখনি উন্নয়নের দায়িত্ব চায়। জ্বালানি মন্ত্রণালয়কে দেওয়া এ-সংক্রান্ত প্রস্তাবে কোল বাংলা বলে, তারা নিজেরা কয়লা তুলে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায়। এতে বিদ্যুৎকেন্দ্র ও তার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের মধ্যে সমন্বয় করা সহজ হবে।কোল বাংলার কয়েকজন কর্মকর্তা জানান, প্রস্তাবটি দেওয়ার আগে এ বিষয়ে তাঁরা সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেন। তাঁদের সবুজসংকেত পেয়েই প্রস্তাব দিয়েছেন।২৪ এপ্রিলই এশিয়া এনার্জি করপোরেশনের মূল (মাদার) কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) রিসোর্সেস দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন করে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা শুরুর কথা জানায়। সূত্র জানায়, তার পর থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায়ের অন্তত তিনজনের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এশিয়া এনার্জি বলছে, সরকার তাদের খনি ইজারা এবং কয়লা তোলার (মাইনিং) লাইসেন্স দিয়েছে। এখন সরকার খনি উন্নয়নের উদ্যোগ নিলে তারাও ফুলবাড়ী খনিতে কাজ শুরু করতে প্রস্তুত রয়েছে।এদিকে বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক ৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে একটি চিঠি দেন। চিঠিতে দেশের পাঁচটি কয়লাখনির বর্তমান অবস্থা বর্ণনা করে বলা হয়, বিসিএমসিএলই হচ্ছে কয়লাখনি উন্নয়নে দেশের একমাত্র অভিজ্ঞ কোম্পানি। ১৫ বছর ধরে তারা বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তুলে বিদ্যুৎকেন্দ্রে দিচ্ছে। কাজেই কয়লাখনিগুলোর উন্নয়নের দায়িত্ব তাদেরই দেওয়া উচিত।সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এর প্রায় ১০ হাজার মেগাওয়াট উৎপাদন করা হবে দেশের কয়লা দিয়ে। এই পরিকল্পনায় এখনো কোনো পরিবর্তন বা সংশোধন করা হয়নি।এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ‘এযাবৎ প্রাপ্ত কয়লার অর্থনৈতিক ব্যবহার এবং কয়লাভিত্তিক শিল্প নির্মাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নতুন কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’