জাতীয় সংসদের চলতি অধিবেশনেই খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস করার দাবি জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।গতকাল রোববার এ কমিটির লংমার্চ ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার পথে বিভিন্ন সমাবেশ, পথসভা ও মতবিনিময়ে বক্তারা এ দাবি জানান।লংমার্চ নেত্রকোনায় পৌঁছলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব আনু মুহাম্মদসহ নাসিম আক্তার হোসাইন, শাহ আলম, রুহিন হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজীব আহসান, কামরুল আহসান, রাজেকুজ্জামান রতন, জোনায়েদ সাকি, টিপু বিশ্বাস, সাইফুল হক, মোশরেফা মিশু প্রমুখ।জনসভা পরিচালনা করেন জাতীয় কমিটির নেত্রকোনা অঞ্চলের সদস্যসচিব নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মঞ্জুরুল হাসান খান ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস।বিদ্যুৎ ও গ্যাস-সমস্যা সমাধানে জাতীয় সংস্থার মাধ্যমে ‘সুনেত্র’ (সুনামগঞ্জ-নেত্রকোনা) ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনসহ সাত দফা দাবিতে চার দিনের লংমার্চ ঢাকা থেকে শুরু হয়। গতকাল লংমার্চের তৃতীয় দিন ময়মনসিংহ থেকে নেত্রকোনার পথে শম্ভুগঞ্জ বাজার, কাশীগঞ্জ ও শ্যামগঞ্জে সমাবেশ-পথসভা হয়।নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের জনসভায় শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, বাপেক্স আবিষ্কৃত গ্যাস বাপেক্সকে দিয়ে তুলে এলাকার ঘরে ঘরে, কৃষিশিল্প ও সার-বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, অতীতে বিদেশি কোম্পানির সঙ্গে অসম চুক্তির কারণে এখন তাদের কাছ থেকেই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে, সরকারের ভর্তুকিও বাড়ছে। তাই আর কোনো বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নয়।আনু মুহাম্মদ বলেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস করতে হবে। তিনি এ দাবির পক্ষে লংমার্চের গুরুত্ব বিশ্লেষণ করে বক্তব্য দেন। এর আগে শম্ভুগঞ্জ ও শ্যামগঞ্জে বক্তৃতায় তিনি বলেন, সরকার এরই মধ্যে কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার আবারও রাশিয়ান কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। এ-জাতীয় কোনো ঘটনা ঘটলে তা দেশের জন্য ভয়াবহ ঘটনা হবে।শহীদ মিনারে অন্য বক্তারা জাতীয় সম্পদ তথা দেশের ওপর জনগণের মালিকানা ও কর্তৃত্ব নিশ্চিত করতে জাতীয় আন্দোলন ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা জাতীয় সংস্থাকে দক্ষ ও দুর্নীতিমুক্ত করে এসব সংস্থার মাধ্যমেই খনিজ সম্পদ উত্তোলনের কাজ করার দাবি জানান।শম্ভুগঞ্জ ও শ্যামগঞ্জে মনজুরুল আহসান খান বলেন, সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে, তা দিয়েই দেশের বিদ্যুৎ-সমস্যার সমাধান সম্ভব। বাপেক্সই এ গ্যাস উত্তোলন করতে পারবে। বিমল বিশ্বাস বলেন, যেকোনো মূল্যে গ্যাস রপ্তানি-প্রক্রিয়া বন্ধ করতে হবে।অন্য বক্তারা জাতীয় সম্পদ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।আজ সোমবার জাতীয় কমিটির লংমার্চ নেত্রকোনা থেকে বারহাট্টা, মোহনগঞ্জ ও ধর্মপাশা হয়ে বাদশাগঞ্জে পৌঁছবে। সেখানে বেলা তিনটায় এক জনসভায় জাতীয় সম্পদ রক্ষায় ‘সুনেত্র ঘোষণা’ দেওয়া হবে।