রাজশাহী চাষী সমিতির সদস্য মজিবর রহমান ও খায়রুল ইসলাম। সাতটি বাস বোঝাই করে তিন শতাধিক সদস্য এসেছেন দিনাজপুরের ফুলবাড়ীতে লংমার্চে যোগ দিতে। লংমার্চে কেন এসেছেন প্রশ্ন করতেই মজিবরের ত্বরিত উত্তর, ‘দেশটা তো হামার। তাই দেশের মাটির নিচের সম্পদও হামার। বিদেশিরা সেই সম্পদ লিয়ে যাবে? হামরা কি চ্যাহা চ্যাহা দ্যাইখব?’মজিবর ও খায়রুলের মতো দেশের বিভিন্ন স্থান থেকে হাজারও মানুষ গতকাল শনিবার লংমার্চ ও এর সমাপনী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে যোগ দেয়। বিদ্যুৎ ও জ্বালানি-সংকটের স্থায়ী সমাধানে সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে গত ২৪ অক্টোবর ঢাকা থেকে ফুলবাড়ী অভিমুখে লংমার্চ শুরু হয়। লংমার্চের সমাপনী উপলক্ষে গতকাল সকাল থেকে ফুলবাড়ী শহরের দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব ধরনের যানবাহন ছিল বন্ধ। লংমার্চটি গতকাল বেলা তিনটার দিকে ফুলবাড়ীতে আসে। এ সময় ফুলবাড়ীর শত শত নারী, শিশুসহ সর্বস্তরের মানুষ বাড়ির বাইরে এসে করতালির মাধ্যমে শহরে প্রবেশকারী লংমার্চের মিছিলগুলোকে স্বাগত জানায়।লংমার্চে অংশ নেওয়া ব্যক্তিরা ফুলবাড়ী শহীদদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফুলবাড়ী উর্বশী সিনেমা হলের সামনে হয় বিশাল সমাবেশ। এতে নয় দফা ঘোষণা পাঠ করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। সংগঠনের ফুলবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আনু মুহাম্মদ বলেন, ‘আমিন, সালেকীন ও তরিকুলের রক্তে, লাখো মানুষের গণঅভ্যুত্থানে গর্বিত এই ফুলবাড়ী আমাদের সাহস ও নিশানা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের নিপীড়িত মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতীক এখন ফুলবাড়ী। আমাদের গন্তব্য তাই এই ফুলবাড়ী। পরবর্তী বৃহত্তর লড়াইয়ের সূচনাও তাই এই ফুলবাড়ী।’ গ্যাস ও কয়লাসহ সব খনিজ সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করার দাবি জানান তিনি।সমাবেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের দুই প্রধান দলের চেহারা অভিন্ন, কদাকার। তারা ক্ষমতায় এলেই দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ফুলবাড়ীর জনগণ আন্দোলন করে দেখিয়েছে, কীভাবে দেশের সম্পদ রক্ষা করতে হয়।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ফুলবাড়ী খনি এলাকার মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে খনি করতে দেওয়া হবে না। জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে দেওয়া হবে না।বাসদের সমন্বয়ক খালেকুজ্জামান বলেন, ফুলবাড়ী খনি জনগণের সম্পদ। সেই সম্পদ ভোগ করার এখতিয়ার ফুলবাড়ীবাসীর। সেই সম্পদ এশিয়া এনার্জি বা কোনো বিদেশি কোম্পানিকে ভোগ করতে দেওয়া হবে না।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, অধ্যাপক আবদুস সাত্তার, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক শামসুল আলম, সমুদ্র বিশেষজ্ঞ নূর মোহাম্মদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।নয় দফা ঘোষণায় যা আছে: গ্যাস ও কয়লা সম্পদসহ সব খনিজ সম্পদের ওপর শতভাগ মালিকানা নিশ্চিত করতে হবে। সে জন্য বহুজাতিক কোম্পানির দখলদারিত্ব থেকে এই সম্পদ মুক্ত করে পিএসসি ২০০৮ বাতিল করতে হবে। সেই সঙ্গে পাস করতে হবে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন এবং গত ২৬ সেপ্টেম্বর জ্বালানি নিরাপত্তার নামে পাস করা আইন বাতিল করে জ্বালানি মন্ত্রণালয়কে দুর্নীতি, অস্বচ্ছতা ও বহুজাতিক কোম্পানির সেবাদাসত্বের হাত থেকে মুক্ত করতে হবে। একই সঙ্গে উন্মুক্ত খনন পদ্ধতি নিষিদ্ধ ও এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে বাতিল করতে হবে কেয়ার্ন এনার্জি ও হেলিবার্টনের সঙ্গে করা তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির চুক্তি। বড়পুকুরিয়ায় ভুল নকশা, চীনের কোম্পানিসহ সরকারি দুর্নীতির কারণে যে ভূমিধস ও ক্ষতি হয়েছে, জমির মালিকানা অক্ষত রেখে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বড়পুকুরিয়া কয়লাখনিকে নিরাপদ করার জন্য এই মহাসমাবেশ দাবি জানাচ্ছে। ২০১১ সালে চীনা কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে জাতীয় সংস্থার পরিচালনায় এই খনি কার্যকর করতে হবে। গন্তব্য ফুলবাড়ী: লংমার্চের সমাপনী সমাবেশে অংশ নিতে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে সারা দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বড় বাস ও ট্রেনে চড়ে ফুলবাড়ীতে আসতে শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠে জড়ো হয়। দুপুরের পর সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় গণফ্রন্ট, সাম্যবাদী দল, গণতান্ত্রিক বাম মোর্চা, কমিউনিস্ট লীগ, জাতীয় আদিবাসী পরিষদ, ক্ষেতমজুর সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, যুবমৈত্রী, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গসংগঠনগুলোর কর্মীরা লংমার্চ উপলক্ষে তৈরি করা বিশেষ টি-শার্ট পরে খনিবিরোধী স্লোগান মুখর মিছিল নিয়ে, নেচে-গেয়ে ফুলবাড়ী শহরের উর্বশী সিনেমা হল চত্বরে সমবেত হন। বিকেল চারটা থেকে শুরু হওয়া এ সমাবেশ সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হয়। সমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফুলবাড়ীর মোড়ে মোড়ে ছিল পুলিশ মোতায়েন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনজন ম্যাজিস্ট্রেটসহ দেড় শতাধিক অতিরিক্ত পুলিশ, র্যা ব সদস্য ছাড়াও সাদা পোশাকে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।