খনিজসম্পদ রক্ষায় জাতীয় কমিটির লংমার্চ ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপেক্সের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, পিএসসি-২০১১ প্রক্রিয়া বন্ধ এবং ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বাদশাগঞ্জের সুনেত্র গ্যাসক্ষেত্র পর্যন্ত লংমার্চ করবে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই লংমার্চ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ। কর্মসূচিতে বলা হয়, ২৮ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব থেকে লংমার্চ শুরু হবে। লংমার্চ চলাকালে কমিটি ২৮ অক্টোবর বিকেলে গাজীপুরে, ২৯ অক্টোবর বিকেলে ময়মনসিংহে, ৩০ অক্টোবর বিকেলে নেত্রকোনায় এবং ৩১ অক্টোবর সুনেত্র গ্যাসক্ষেত্র এলাকার বাদশাগঞ্জে জনসভা করবে। এ ছাড়া লংমার্চ চলাকালে পথে পথে সভা, গান, নাটক, প্রদর্শনী ও মিছিল হবে। আনু মোহাম্মদ বলেন, সুনেত্র প্রকল্পের জন্য বাপেক্স যে প্রস্তাব জমা দিয়েছে, তাতে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত কাজ শেষ করতে ব্যয় হবে ২৭৯ কোটি টাকা। একই কাজ সিলেটের বিবিয়ানায় করতে গিয়ে মার্কিন কোম্পানি শেভরন ব্যয় দেখিয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। অথচ বাপেক্সের প্রকল্প এখনো পুঁজির অভাবের অজুহাত দিয়ে পুরোপুরি অনুমোদন দেওয়া হয়নি। আনু মোহাম্মদ আরও বলেন, ‘আমাদের দাবি অনুযায়ী কাজ শুরু হলে দেশে কোনো গ্যাস ও বিদ্যুত্ সংকট থাকবে না। নিজেদের গ্যাস উত্তোলন করতে গিয়ে আর্থিক চাপে পড়তে হবে না। মাগুরছড়া বা টেংরাটিলার মতো ধ্বংসযজ্ঞের আশঙ্কা এবং অব্যাহত দাম বাড়ানোর চাপও থাকবে না। কনোকোফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তিকে দেশবিরোধী উল্লেখ করে আনু মোহাম্মদ বলেন, কনোকোফিলিপস বছরে ব্যয় করবে দুই কোটি ২০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ ১৬৫ কোটি টাকা। সরকার এক বছরের বিলাসিতা এবং গাড়ি কেনার বরাদ্দ বাতিল করলেই এ টাকা পাওয়া সম্ভব। সংবাদ সম্মেলনে কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, বিদেশের কাছে গ্যাসক্ষেত্র তুলে দেওয়ার ব্যাপারে সরকার ও বিরোধী দল একজোট। কিছু রাজনীতিক এবং আমলা বিদেশি শক্তির স্বার্থ রক্ষায় ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমান সরকার গত দুই বছরে খনিজসম্পদ নিয়ে যা করেছে, তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাপেক্সকে কাজে না লাগানো জাতির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমল বিশ্বাস, সাইফুল হক, আ ফ ম মাহবুবুল হক, রুহিন হোসেন, মোশরেফা মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।