খন্দকার মাহবুব ডিজিএফআইয়ের দালাল ছিলেন: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ডিজিএফআইয়ের দালাল ছিলেন। ওয়ান-ইলেভেনের সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচন করার জন্য তাঁকে মনোনয়ন দিয়েছিল ডিজিএফআই। আমরা দিয়েছিলাম শফিক সাহেবকে (বর্তমান আইনমন্ত্রী)। শফিক আহমেদ যাতে পাস করতে না পারেন, যাতে উনি (মাহবুব হোসেন) পাস করেন, তার জন্য এমন কোনো হীন কাজ নেই তত্কালীন ওয়ান-ইলেভেনের সরকার করেনি। আজকে উনি গণতন্ত্রের বড় বড় কথা বলেন। শফিক সাহেব সভাপতি না হয়ে উনি যদি (মাহবুব হোসেন) হতেন, তাহলে বাংলাদেশে গণতন্ত্র থাকত না। দেশে নির্বাচন হতো না।’ আজ সোমবার বনানী কবরস্থানে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে খালেদার বাড়ির বিষয়টি আদালতের বাইরে সমাধান করতে সরকারের প্রতি দাবি জানিয়েছিলেন খন্দকার মাহবুব হোসেন। এর পরিপ্রেক্ষিতে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। সৈয়দ আশরাফ ওই সময় সাংবাদিকদের বলেছেন, ‘অনেকেই বাংলাদেশকে বাজিকরের দেশ বলেন। বাজিকরের দেশ তো হয়েছে। আমরা তো সেটা জানি। বাজিকরের দেশ শুরু হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর। এসব মিষ্টি মিষ্টি কথা, আর টেলিভিশনের টকশো করে বাহ্বা নেওয়া যায়। আমরা কিন্তু সবাইকে চিনি। প্রত্যেকের নাড়ির খবর রাখি। ’৭৫-এ কে কোথায় ছিলেন, ’৭১-এ কে কোথায় ছিলেন, আইয়ুবের সামরিক শাসনামলে কে কোথায় ছিলেন, ইয়াহিয়ার আমলে কে কোথায় ছিলেন। আমরা এসব বলতে চাই না। কারণ এসব বলে আমরা জাতিকে বিভক্ত করতে চাই না।’খালেদা জিয়ার বাড়ি ছাড়ার ব্যাপারে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি আদালতের সমাধান চেয়েছে, আওয়ামী লীগ নয়। আপনার পছন্দ-অপছন্দের ওপর হাইকোর্ট রায় দেবেন, এটা তো কেউ আশা করতে পারে না। হাইকোর্টে আপনারা হারছেন, এখন সুপ্রিম কোর্টে যান। এটা তো সালিসির ব্যাপার নয়। এটা তো গ্রামের বিচার নয় যে আমাদের মধ্যে থেকে পাঁচজন বসবে আর বিএনপির মধ্যে থেকে পাঁচজন বসবে। তারা বিচার-আচার করবে কার জমি এটা, কার জমি ওটা। এটা তো সেই বিষয় নয়।’সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্যের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব হোসেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে বলেন, ‘আমি একমাত্র জ্যেষ্ঠ (সিনিয়র) আইনজীবী, যিনি ডিজিএফআইয়ের কাছ থেকে মাসিক ভাতা নিইনি। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা যাঁরা আইন অঙ্গনে আছেন, তাঁদের অনেক পাস্ট (সাবেক) প্রেসিডেন্টও ডিজিএফআইয়ের কাছ থেকে ভাতা নিয়েছেন। আমি সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্য তাচ্ছিল্যের সঙ্গে প্রত্যাখ্যান করছি। তাঁর মতো একজন দায়িত্বশীল লোকের কাছ থেকে আমি এমন মন্তব্য আশা করিনি। তবে আমি সময়-সুযোগ মতো এটার প্রতিবাদ জানাব। প্রতিবাদ নয়, যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’