খন্দকার মাহবুব বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকালে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটির প্রথম সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। একই সঙ্গে কাউন্সিলের ১০টি স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, অতীতে আইনজীবীদের এনরোলমেন্ট (অন্তর্ভুক্তি) নিয়ে স্বচ্ছতা ছিল না। এবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বার কাউন্সিল কাজ করে যাবে। বিচার বিভাগে যাতে দলীয়করণ না হয়, সে ব্যাপারেও সচেষ্ট থাকবে। তিনি আরও বলেন, ‘বার কাউন্সিলের পক্ষ থেকে আমাদের দাবি হলো, দেশের আগামী জাতীয় নির্বাচন যাতে গণতন্ত্রের স্বার্থে গ্রহণযোগ্য হয়। সে জন্য নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে।’গত ১৮ জুলাই দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোট নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয় ২৪ জুলাই। এই নির্বাচনে ১৪টি আসনের মধ্যে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা নয়টি এবং সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পাঁচটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে সাধারণ সাতটি আসনের চারটিতে ঐক্য প্যানেল জয়ী হয় এবং তিনটি আসন লাভ করে সমন্বয় পরিষদ। আর গ্রুপ আসনের সাতটির মধ্যে পাঁচটি ঐক্য প্যানেল এবং দুটি আসন পায় সমন্বয় পরিষদ। ১০টি কমিটি: খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় নবনির্বাচিত সদস্যরা অংশ নেন। বার কাউন্সিলের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় ভাইস চেয়ারম্যান নির্বাচন ছাড়াও ১০টি কমিটি গঠন করা হয়। এর মধ্যে এ জে মোহাম্মদ আলী পাঁচ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। তিন সদস্যের এনরোলমেন্ট (আইনজীবী অন্তর্ভুক্তি) কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন এ এম মাহবুব উদ্দিন খোকন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন সানাউল্লাহ মিয়া। নয় সদস্যবিশিষ্ট লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হয়েছেন গোলাম মোস্তফা খান। ল রিফর্ম কমিটির চেয়ারম্যান হয়েছেন এ কে এম হাফিজুর রহমান। আর পাঁচ সদস্যবিশিষ্ট হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হলেন আইনজীবী গোলাম মোস্তফা খান। পাঁচ সদস্যবিশিষ্ট হাউস কমিটির চেয়ারম্যান হলেন খন্দকার মাহবুব হোসেন। আইনজীবী মো. ইসহাক পাঁচ সদস্যবিশিষ্ট রিলিফ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান হলেন মো. কাইমুল হক এবং কমপ্লেইন অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কবির চৌধুরী। পদাধিকার বলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান।