খন্দকার মাহবুব হোসেন বললেন, সংবিধান জগাখিচুড়ির মধ্যে রয়েছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ১৯৭২ সালের সংবিধান অনুসারে ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানিয়েছে। সমিতি বিচারকদের বদলি, পদায়ন, শৃঙ্খলা বিধানসংক্রান্ত এ অনুচ্ছেদটি পরিবর্তন করার প্রতিবাদ জানিয়েছে। সমিতির প্রশ্ন, দেশে এখন কোন সংবিধান রয়েছে? আপিল বিভাগের রায়ের আলোকে সংবিধান নাকি ১৯৭২-এর সংবিধান নাকি সংসদীয় কমিটির খসড়া সংবিধান? দেশে সাংবিধানিক শূন্যতা চলছে। তাহলে আমরা কোন সংবিধানে আছি? দেশে সর্বোচ্চ আইন জগাখিচুড়ির মধ্যে রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সমিতির সভাপতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা আইনজীবীরা বর্তমানে একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি। এখন সংবিধান কোনটি এ নিয়ে আমরা সন্দিহান। ১৯৭২ সালে সংবিধান প্রবর্তন করা হয়। পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রবর্তন করেন। বর্তমানে নিম্ন আদালতের বিচারকেরা হতাশার মধ্যে আছেন। ১১৬ অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণের কথা বলা রয়েছে। এখন তা নেই। তাই বিষয়টি প্রশাসনের আওতায় চলে গেছে। রাষ্ট্রপতি এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার যে অর্জন তা ধূলিসাত্ হয়ে গেছে। এ নিয়ে স্থবিরতা দেখা দিয়েছে।’ সমিতির সভাপতি আরও বলেন, আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে এ-সংক্রান্ত বিষয়গুলো মতামতের জন্য পাঠানো হচ্ছে। সংবিধানের ওই অনুচ্ছেদটি পরিবর্তন করার পর সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিচ্ছে না। পদায়ন, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো কার্যকর হচ্ছে না। মাসদার হোসেন মামলায় বিচার বিভাগ প্রশাসন থেকে মুক্ত হয়েছিল। কিন্তু অনুচ্ছেদটি পরিবর্তনের ফলে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা, সহসম্পাদক মোরশেদ আল মামুন, আইনজীবী জয়নাল আবদিন প্রমুখ উপস্থিত ছিলেন।