খবর নিতে গিয়ে সম্পাদক হেনস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় বিমানবিষয়ক একটি তথ্যানুসন্ধানে গিয়ে সরকারের প্রভাবশালী মহলের রোষানলে পড়েছেন শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক। এতে অশ্রাব্য কটু কথা তো শুনতে হয়েছেই, উপরন্তু পরোক্ষভাবে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।হুমকি পাওয়া ব্যক্তিটি হলেন দ্য সানডে লিডার পত্রিকার সম্পাদক ফ্রেডারিকা জানস্জ। হুমকি দেওয়া ব্যক্তি দেশের প্রতিরক্ষা সচিব গোটাবায়া রাজাপক্ষে। দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছোট ভাই তিনি। দ্য ইকোনমিস্টের খবরে বলা হয়, ফ্রেডারিকা জানতে চেয়েছিলেন রাষ্ট্রীয় বিমান চলাচলের পথে সুইজারল্যান্ড থেকে পূর্বনির্ধারিত একটি ফ্লাইটের জন্য ব্যবহূত বিমানে কোনো পরিবর্তন আনা হয়েছে কি না। এটাই নাকি ফ্রেডারিকার ওপর গোটাবায়ার ক্ষোভের কারণ। ওই বিমানে করে ইউরোপ থেকে গোটাবায়ার স্ত্রীর জন্য একটি কুকুরছানা আনা হচ্ছে কি না—তা অনুসন্ধান করতে গিয়ে ফ্রেডারিকা খেপিয়ে তোলেন প্রতিরক্ষা সচিবকে। এ কাজে সহযোগিতা করছিলেন গোটাবায়ার পারিবারিক সূত্রে পরিচিত এক বৈমানিক।খবরে বলা হয়, ওই বিষয়ে কথা বলতে ফ্রেডারিকা যখন গোটাবায়াকে টেলিফোন করেন, তখন ক্ষোভে ফেটে পড়েন। শুনিয়ে দেন কিছু অশালীন কথা। একই সঙ্গে সাংবাদিকদের গুষ্টি উদ্ধার করে ছাড়েন।এ ব্যাপারে আরও একদিন টেলিফোনে গোটাবায়ার সঙ্গে যোগাযোগ করেন ফ্রেডারিকা। গোটাবায়া তখন চিত্কার করে ফ্রেডারিকাকে ভর্ত্সনা করতে থাকেন। বলেন, ‘মানুষ তোমাকে হত্যা করবে, মানুষ তোমাকে ঘৃণা করে। তারা তোমাকে মেরে ফেলবে।’তাহলে কি গোটাবায়াই তাঁকে হত্যার পরিকল্পনা করছেন—গোটাবায়াকে পাল্টা প্রশ্ন করলেন ফ্রেডারিকা। এমন প্রশ্নের জবাবে যারপরনাই সাধু সাজলেন প্রতিরক্ষা সচিব। তিনি বললেন, ‘না, আমি না। কিন্তু তারা তোমাকে হত্যা করবে।’ফ্রেডারিকা দ্য সানডে লিডারের দায়িত্ব নেওয়ার আগে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক লাসানথা বিক্রমাতুঙ্গের ভাগ্যেও এমন নির্মম ঘটনা ঘটে। প্রভাবশালীদের বিরুদ্ধাচরণের পরিণতি হিসেবে ২০০৯ সালে প্রকাশ্য দিবালোকে তাঁকে হত্যা করা হয়। সেই হত্যা মামলার আজও কোনো সুরাহা হয়নি।