খবর প্রকাশ করে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষোভের মুখে প্রথম আলো
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী দাবি করেছেন, জামালপুরের সরিষাবাড়ীতে একটি ঘটনায় প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে। আরেকটি খবরে তিনি যা বলেননি, তা নিয়ে শিরোনাম করেছে।গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পরিপ্রেক্ষিত নামের একটি সংগঠনের আয়োজনে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যম কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা প্রথম আলো ও এর সম্পাদক মতিউর রহমানের তীব্র সমালোচনা করেন। আধঘণ্টার বক্তৃতায় তিনি কর্মশালার বিষয়বস্তু নিয়ে কিছু বলেননি। শুধু শেষে বলেছেন, ‘আমি কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি।’ মোদাচ্ছের আলী বলেন, ‘আমি সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করি। নদীর গতিপথ রুদ্ধ করে দিলে সেটা জলাশয় হয়ে যায়। যাদের আমি সন্তানতুল্য বলি, তারা যদি আমার সমালোচনা করে, তাতে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি।’স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘জীবনে ও সমাজে কিছু সময় আসে, যখন সৎ লোকেরা ক্ষমা ও সহনশীলতা দেখায়, তখন সমাজে বিভিন্ন ছিদ্র দিয়ে দুর্নীতি প্রবেশ করে। এই দুর্নীতির ছিদ্রগুলো আমাদের যেমন বন্ধ করতে হবে, আপনাকেও বন্ধ করতে হবে। আপনি অনেক পরিশ্রম ও লেখাপড়ার কারণে এই জায়গায় এসেছেন। আপনার কিছু সাংবাদিক আছেন, তাঁরা সংখ্যায় খুবই অল্প, তবে দৈত্য বলতে যা বোঝায়, তাঁরা আসলে তা হয়ে যাচ্ছেন।’স্বাস্থ্য উপদেষ্টা জামালপুরের সরিষাবাড়ীতে একটি ঘটনায় প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘এরপর ওই ঘটনা নিয়ে সম্পাদকীয় ছাপা হয়। কিন্তু দ্রুততার সঙ্গে ওই সম্পাদকীয় লেখা উচিত হয়নি। মতিউর রহমানের মতো জ্ঞানী লোক অপেক্ষা করতে পারতেন, কোনো প্রতিবাদ আসে কি না। এটা না করে তাৎক্ষণিক সম্পাদকীয় লিখে ফেলল তারা। এখন আমি যদি বলি, ওই সম্পাদকীয় আগেই লেখা ছিল! আমি প্রমাণসহ প্রতিবাদ দিলাম। সেটাকে কোনো না কোনোভাবে উল্লেখ করতে পারতেন। বলতে পারতেন, পরে খোঁজ নিয়ে দেখলাম, বিষয়টি এভাবে ঘটেনি।’মোদাচ্ছের আলী বলেন, ‘অনেকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। ওই ব্যক্তিরা বলেছেন, প্রথম আলো কখনো ভুল স্বীকার করে না।’ তিনি বলেন, ‘কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। যদি প্রমাণ হয় যে আপনারা সঠিক তথ্য দেননি, তাহলে দয়া করে সেটা কি লেখা যায় না? অতিসম্প্রতি তারা (প্রথম আলো) একটি সংবাদ ছাপাল। আমি সরকারি কর্মকর্তাদের বললাম এক কথা। তাঁরা লিখে দিলেন তাঁদের বদলি করা হবে। তারা শিরোনামে বদলি করার কথা লিখলেও সংবাদে সরকারি কর্মকর্তাদের বদলি করার কথা লেখা ছিল না।’স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আপনাদের পত্রিকা জনপ্রিয়। জনগণের কাছে যায় এটি। ফলে দ্রুত জনমত গঠন হয়। আমি অতি ক্ষুদ্র একজন লোক। আমার না আছে টাকার জোর, না আছে পত্রিকার জোর। তাহলে আমি কোথায় যাব? প্রতিবাদ পাঠালে ছাপেন না। এটা কি সৎ সাংবাদিকতা?’মোদাচ্ছের আলী বলেন, ‘আমি মুকুল ভাইয়ের (প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম) সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তাঁকে জিজ্ঞেস করলাম, “আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে যেকোনোভাবেই হোক, প্রত্যেক জায়গায় হেনস্তা করবেন? আপনারা যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকেন, তাহলে সেটা হবে অসম যুদ্ধ। আপনাদের বিরাট ক্ষমতা। তবে অসম যুদ্ধে সব সময় দুর্বলেরা জিতে। কারণ, দুর্বলের হারানোর কিছু থাকে না।” উনি বললেন, এটা ব্যক্তিগতভাবে হয়নি। ঘটনাক্রমে হয়েছে। মুকুল ভাইকে আমি বিশ্বাস করলাম। এরপর প্রথম আলো তন্নতন্ন করে খুঁজলাম। প্রতিবাদ দেখতে পাইনি।’উপদেষ্টা বলেন, ‘১০০ বার আমার সমালোচনা করো। আমি কি কাউকে ফোন করে বলেছি, এটা ঠিক করোনি? নড়াইল গেলাম। আমার স্ত্রী নড়াইল প্রেসক্লাবে ৫০ হাজার টাকা দিয়েছেন। প্রথম আলোর সাংবাদিক এসে বলে, “আমরা জেলা প্রেসক্লাব করেছি। আমাদের না দিয়ে তাদের টাকা দিলেন কেন?” আমার স্ত্রী বলেন, “টাকা তারা (নড়াইল প্রেসক্লাব) চেয়েছে, দিয়েছি।” প্রথম আলোর সাংবাদিক বলে, “যে প্রেসক্লাবে প্রথম আলোর সাংবাদিক থাকে না, সেটা কি গুরুত্বপূর্ণ!” মতি ভাই, আপনার কানে হয়তো সব ঘটনা আসে না।’উপদেষ্টা ক্ষোভের সঙ্গে বলেন, ‘সম্পাদকীয়ের ভাষা দেখেছেন? মহামান্য রাষ্ট্রপতিও আমাদের প্রতি এই ভাষা ব্যবহার করেন না। অবশ্যই আপনারা চতুর্থ স্তম্ভ। আপনারা যদি আপনাদের দায়িত্ব না বোঝেন, তাহলে আমাদের দায়িত্ব সম্পর্কে উপদেশ দিয়ে লাভ হবে না। আমার অনুরোধ, যে ছিদ্রগুলো আমাদের দেখিয়ে দেবেন, আমরা বন্ধ করব। তেমনি আপনারাও ছিদ্র বন্ধ করুন। তাহলে আমরা একইভাবে কাজ করতে পারব।’৪৯ বছর রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বাষট্টি সালের আন্দোলনের সঙ্গে ছিলাম। ঊনসত্তর সালের গণ-আন্দোলনেও জড়িত ছিলাম। মুক্তিযুদ্ধ করেছি। পঁচাত্তরে এ দেশে ছিলাম না। যদি মনে করেন, আমাকে টেনে নামাবেন, ভুল করবেন। আমি তো মাঠে-ময়দানের লোক। মাঠের লোককে টেনে নামানো যায় না। নামানো যায় বিল্ডিংয়ের লোক। টার্গেট ঠিক করে গুলি করেন, কাজে লাগবে। আমার মতো চুনোপুঁটি নিয়ে কাজ করে লাভ নেই। এতে লাভ হবে তো আমার। আমাকে কেউ আগে ভালো করে চিনত না। এখন চিনে। তবে ভবিষ্যতে যখন সম্পাদকীয় লেখবেন, আপনার ভাষাটা যদি আরেকটু ভালো হয়, আমার ভালো লাগবে।’উপদেষ্টা বলেন, ‘মানুষের ক্ষমতা যত হয়, তাঁকে তত নরম হতে হয়। আমার ক্ষমতা যদি আপনার এক লাখ ভাগের এক ভাগ হতো, তাহলে আমার গলার স্বর এমন হতো কি না জানি না। আমি তো আপনার কাছাকাছি নই। লিখেন। আমরা কেউ ধোয়া তুলসীপাতা নই। তবে আপনার সংগঠনের কী অবস্থা, সে খোঁজও নেন।’মোদাচ্ছের আলী বলেন, ‘আপনি উপদেশ তো অনেক দেন। ১৯ মাসে কি কিছুই শিখিনি? আপনি একাই শিখলেন সারা জীবন? লেখাপড়া কি আপনিই করেছেন? আমরা কি কিছু করিনি? এটা ঠিক না। আপনি হয়তো অনেক বিজ্ঞ, অনেক ক্ষমতাশালী। কিন্তু ক্ষমতার দম্ভ দেখায়েন না। একজন সাধারণ লোককে বিনা কারণে হয়রানি করবেন না। তবে আমার অনুরোধ না রাখলেও আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকবে। কারণ, আপনি মালিক হয়ে সম্পাদক হননি। নিজের কাজের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছেন। তবে আমিও ৪৮ বছর দীর্ঘ পরিক্রমার পর সামান্য হলেও একটি দায়িত্ব পেয়েছি। হঠাৎ করে আকাশ থেকে নাজিল হইনি। একাধিকবার আপনার সঙ্গে আমার কথা হয়েছে। আমাকে কেন লক্ষ্যবস্তু করলেন?’সবশেষে উপদেষ্টা বলেন, ‘আমি যা বলেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি না। তবে উপস্থাপনার ধরনের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাচ্ছি। প্রথম আলোকে বলছি, আমাকে কি একটু মাফ করা যায় না? যদি ভবিষ্যতে আবারও কিছু বলি, সেটা নিয়ে শুরু করেন। একটা দিয়ে আর কত লিখবেন?’অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর প্রধান প্রতিবেদক পথিক সাহা, সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সভায় শুধু পথিক সাহা কর্মশালার সাফল্য কামনা করে বক্তব্য দেন।