খবর পড়ি, খবর দেখি, ব্যস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি নিতান্তই মধ্যবিত্ত ঘরের সাধারণ গৃহিণী। সাংসারিক কাজকর্মের ফাঁকে ফাঁকে খবরের কাগজ পড়ি, টেলিভিশনে সংবাদ দেখি আর টক শো নামক অনুষ্ঠানগুলো খুব মনোযোগ দিয়ে দেখি। যদিও বেশির ভাগ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা আলোচিত বিষয়ে কোনো প্রকার উপসংহার না টেনেই ঝগড়াঝাঁটি দিয়ে অনুষ্ঠান শেষ করেন। আমি ভেবে পাই না, এ থেকে আমি কী বুঝলাম এবং কী জানলাম। বর্তমানে শেয়ার মার্কেট নিয়ে খুব হইচই হচ্ছে। যদিও আমি শেয়ার মার্কেট বুঝি না। তবে নিজের ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজনের অবস্থার দ্রুত উন্নতি দেখে মাঝেমধ্যে আমারও খুব ইচ্ছে হয়েছিল কিছু বিনিয়োগ করি। বিও অ্যাকাউন্ট খুলতে ছবি লাগবে, ফরম পূরণ ইত্যাদি ঝামেলা মনে করে ইস্তফা দিয়েছি। বর্তমান শেয়ারবাজারের অবস্থা দেখে মনে হচ্ছে, ভাগ্যিস আমি জড়িত নই! না হলে দুর্বল হার্টের অধিকারী এই আমি কবে হার্ট অ্যাটাক করে মরে যেতাম! সংবাদপত্রে, টেলিভিশনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, ভাঙচুর, অনশনের খবর শুনে ঠিক থাকতে পারি না। হাজার হাজার পরিবার এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। গুটিকতক স্বার্থপর, অসাধু লোকের জন্য এতগুলো মানুষের জীবনমরণ সমস্যা, সরকারের কি কিছুই করার নেই? সরকার কেন দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করছে না? তাহলে কি ধরে নেব, এ দেশের ধনী লোকেরা অন্যায় করে পার পেয়ে যাবে, আর গরিবেরা অন্যায় না করেও শাস্তি পাবে?সরকারের নারীনীতিতে কী আছে, আমি জানি না। নারীনীতি নিয়ে পক্ষে-বিপক্ষে কত কিছু শুনলাম, দেখলাম। সবশেষে একটা হরতাল পর্যন্ত হয়ে গেল। এসব নীতি করে নারীদের অধিকার কিছু আদায় করা কি সম্ভব? সবার আগে আমাদের মানসিকতা বদলাতে হবে। একজন নারীকে স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে তার প্রাপ্য অধিকার দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। না হলে যতই কঠিন নীতিই করা হোক না কেন তাতে নারীর কোনো কাজে আসবে না। একজন নারী হিসেবে অমি চাই পারিবারিক মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা, শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। সংবাদপত্র পড়ে টেলিভিশনে খবর শুনে এক সঙ্গে এত চিন্তা মাথায় ঘোরে। জানি না এসবের সমাধান কী?ঝর্ণা, ঢাকা