খবরটা শুনে খুব আনন্দ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের গানের অ্যালবাম এবার বেরিয়েছে ঢাকা থেকে। আমি বাংলায় গান গাই নামের অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতুল এখন আছেন কলকাতায়। গতকাল বুধবার সকালে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে।কেমন আছেন?খুব ভালো আছি।এবার আপনার অ্যালবাম ঢাকা থেকে বেরিয়েছে। তাই নাকি! এ তো বড় আনন্দের খবর। কদিন আগেই রতনকে (অ্যালবামটির সমন্বয়ক রতন বসু মজুমদার) বলেছিলাম খোঁজ নেওয়ার জন্য। ভালোই হলো, বাংলাদেশে তো আমার অসংখ্য অনুরাগী আছেন। গত বছর মার্চ মাসে বাংলাদেশে গিয়েছিলাম। তখন বাংলাদেশের মানুষদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার কল্পনারও অতীত। তাঁরা আবার আমার গান শুনতে পাবেন। আমার খুব আনন্দ হচ্ছে।অ্যালবামটির কাজ কবে করেছিলেন?বাংলাদেশে যখন গিয়েছিলাম, তখনই বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কদিনে আমি সকাল-বিকেল অনুষ্ঠান করেছিলাম। তাই কণ্ঠটা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখন ওদের বলেছিলাম, এখন করাটা ঠিক হবে না, কলকাতায় ফিরে গিয়ে একটু ধীরেসুস্থে গানগুলো আমি রেকর্ড করে দেব। ফিরে এসে গত অক্টোবরে আমি অ্যালবামের কাজটা করে দিয়েছি। এক দিনেই সব কটি গানের কাজ করেছি। বিকেল পাঁচটায় শুরু করেছি, শেষ করেছি রাত ১১টায়। বাংলাদেশের অ্যালবামের জন্য কোন গানগুলো নির্বাচন করেছিলেন?মার্চ মাসে বাংলাদেশে যাওয়ার আগে একটা গান তৈরি করেছিলাম—‘দুইজনাই বাঙালি ছিলাম’। অ্যালবামের শুরুটা হয়েছে এই গান দিয়ে, আর শেষ গানটি হলো ‘আমি বাংলায় গান গাই’। গানটি নতুন করে গেয়েছি। এটি ছাড়া অ্যালবামের বাকি সব গানই নতুন। মঞ্চে গাওয়া হয়েছে, কিন্তু কোনো অ্যালবামে রাখা হয়নি। শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, অন্নদাশঙ্কর রায় আর বাংলাদেশের আল মাহমুদের কবিতা থেকে গান তৈরি করেছি। সব কটি গানের সুর আমিই করেছি। সঙ্গে যন্ত্রানুষঙ্গও রেখেছি। ও কাজটা করেছে কল্যাণ সেন বরাট।আপনার নিজের কাছে গানগুলো কেমন লেগেছে?সব গানই আমার নিজের সন্তান। আপনাদের কাছে কেমন লেগেছে, সেই খবরটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। সেটা যদি জানতে পারি, তাহলে বেশি খুশি হব। কাজ করার সময় কল্যাণ তো অনেক প্রশংসা করেছিল। আসলে এগুলো তো বাজারি গান নয়, সাহিত্য-শিল্পের সঙ্গে যাঁদের যোগাযোগ আছে, তাঁরাই শুনবেন। অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে?এখনো আমন্ত্রণ পাইনি। পেলে অবশ্যই আসব। মেহেদী মাসুদ