গত বছরের মাঝামাঝি হঠাৎ একদিন শোনা গেল, রিচি সোলায়মান যুক্তরাষ্ট্রে চলে গেছেন। শিগগিরই তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। আপাতত সেখানে স্বামী, সন্তান আর সংসার নিয়েই থাকতে চান। গত শুক্রবার সাভার গলফ ক্লাবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মিডিয়া পিকনিকে রিচিকে দেখে সবাই অবাক। গতকাল দুপুরে যখন রিচির সঙ্গে কথা হয়, তখন তিনি বাসায় ছিলেন।কবে এসেছেন?৬ জানুয়ারি। আসার পর মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ করিনি। কয়েকটা দিন একটু বিশ্রাম নিয়েছি। ভেবেছিলাম মিডিয়া পিকনিকে গিয়ে সবাইকে চমকে দেব। কাজটা কিন্তু আমি করতে পেরেছি। এবার কত দিন পরে এলেন?ছয় মাস পর। কিছুদিন এখানে থাকার ইচ্ছা আছে। ১০ দিন তো বিশ্রাম নিয়েছেন। কবে থেকে কাজ শুরু করছেন?আগামী মাস থেকে শুরু করার ইচ্ছা আছে। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নীলাঞ্জনা থেকেই তিনটি কাজ হবে। এগুলো পরিচালনা করবেন সুস্ময় আহমেদ, নাহিদ আহমেদ ও চয়নিকা চৌধুরী। নাটকগুলোতে আমিও কাজ করব। এ ছাড়া আরও কয়েকজন পরিচালক কাজের ব্যাপারে কথা বলেছেন। ছয় মাস পরে এসে কেমন মনে হচ্ছে?কাজ অনেক হচ্ছে, কিন্তু সেই অনুপাতে শিল্পীর সংখ্যা বাড়ছে না। কয়েকজনের ওপরই চাপটা বেশি পড়ছে। পরিচালকদের সঙ্গে কথা বলে স্পষ্ট বুঝতে পারছি। গত বছর অক্টোবরে আপনার একটা খবর শুনে আঁতকে উঠেছিলাম।আমি নিউইয়র্কে এক দুর্ঘটনায় মারা গেছি? (হাসি)। আমরা পুরো পরিবার ওই দিন আটলান্টা সিটিতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ দেখি আমার মুঠোফোনে শুধু বাংলাদেশ থেকে একের পর এক কল আসছে। জানতে পারলাম, কেউ একজন মুঠোফোন বার্তার মাধ্যমে খবরটি ছড়িয়েছে। আসলে পুরোটাই ছিল গুজব। আমি এখনো সুস্থ। দেশে ছিলেন না, অথচ বাংলাভিশনে ‘লেডিস ফার্স্ট’ ধারাবাহিকে আপনাকে প্রায়ই দেখা যায়।পরিচালক এস এ হক অলীক আমার অংশগুলোর কাজ আগেই করে রেখেছিলেন। এবার আসার পর তিনি সময় দেওয়ার জন্য অনুরোধ করেছেন।