খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ আগস্ট প্রথম আলোর প্রথম ও ১৯তম পৃষ্ঠায় প্রকাশিত ‘৪৩৬ কোটি টাকার শেয়ার কারসাজি’ এবং যাঁর যত বিনিয়োগ, উত্তোলন ও অভিযোগ’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবাল, বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালু এবং ব্যবসায়ী লুৎফর রহমান বাদল ও তাঁর স্ত্রী সোমা আলম রহমান। আলাদা আলাদা প্রতিবাদপত্রে তাঁদের প্রত্যেকে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। একই সঙ্গে প্রত্যেকেই আইনকানুন মেনে শেয়ার ব্যবসা করেছেন বলে দাবি করেন। প্রিমিয়ার ব্যাংকের খামে করে সাদা কাগজে পাঠানো প্রতিবাদপত্রে এইচ বি এম ইকবাল বলেন, এসইসি ও ডিএসইর সব নিয়মকানুন মেনেই তিনি শেয়ারবাজারে বিনিয়োগ করে আসছেন। বাজারধসের কারণে তিনিও ক্ষতিগ্রস্ত। শেয়ারবাজারে বিনিয়োগ-সংক্রান্ত যাবতীয় তথ্য তাঁর আয়কর বিবরণীতে উল্লেখ করা হয়েছে। মোসাদ্দেক আলীর পক্ষে তাঁর একান্ত সচিব ও এনটিভির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খানের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, মোসাদ্দেক আলী ফালু কোনো ধরনের কারসাজির সঙ্গে জড়িত নন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও দেশের সব প্রচলিত আইনকানুন মেনেই তিনি বিনিয়োগ করেছেন। তিনি একজন স্বচ্ছ ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। লুৎফর রহমান ও সোমা আলম রহমানের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, ‘আমি, আমার স্ত্রী এবং নিউ ইংল্যান্ড ইক্যুইটি লিমিটেড সব নিয়মকানুন মেনে শেয়ারবাজারে বিনিয়োগ করি এবং পরবর্তী সময়ে শেয়ারের বিক্রয়লব্ধ অর্থের কিছু অংশ উঠিয়ে নিই এবং বাকি অর্থ পুনরায় বিনিয়োগ করি। এখানে শেয়ার কারসাজি বা কোনো ধরনের অনিয়মের কোনো প্রশ্নই ওঠে না।’প্রতিবেদকের বক্তব্য: এসইসির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রতিবেদন দুটি করা হয়েছে। এসইসির ওই তদন্ত প্রতিবেদনটির একটি কপি প্রথম আলোর হাতে রয়েছে।