খবরের সত্যতা যাচাইয়ে স্টেশনে যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলস্টেশনে গিয়ে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার আশ্বাস দিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, যাত্রীদের পৌঁছে দিতে পারলেই নিজেকে সফল মনে করবেন তিনি।আজ সোমবার সকাল নয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত এক ঘণ্টা স্টেশনে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলসচিব মো. এবাদত আলী, রেলওয়ে মহাপরিচালক মো. আবু তাহেরসহ যোগাযোগ মন্ত্রণালয় ও রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, আজ সকাল থেকে প্রায় সব ট্রেনই সময়মতো ছাড়ছে; যদিও তাঁর এ কথা বলার পর দুটি ট্রেনকে দেরিতে প্ল্যাটফর্ম ছাড়তে দেখা যায়।পরপর কয়েক দিন কমলাপুর স্টেশন পরিদর্শন সম্পর্কে আবুল হোসেন বলেন, ‘স্টেশনে যাত্রীরা আমাকে যা বলছে, আর গণমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে, সেগুলোর সত্যতা যাচাই করতেই আমি বারবার পরিদর্শনে আসছি।’মন্ত্রী আরও বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও রেল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রেন চলাচল দেরি হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রতিটি স্টপেজে আগে ট্রেন পাঁচ মিনিট দাঁড়াত, এখন লোকজন বেশি হওয়ার কারণে সেসব স্টপেজে ট্রেন দাঁড়াচ্ছে কম করে হলেও ৩০ থেকে ৪০ মিনিট। এতে নির্ধারিত সময়ের চেয়ে এক-দেড় ঘণ্টা দেরি করছে ট্রেনগুলো।’যাত্রীদের বিড়ম্বনা সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘প্রতিদিন আসছি, পারলে কালও আসব, যাতে করে যাত্রীদের সুবিধা-অসুবিধা খেয়াল রাখা যায়।’ তিনি বলেন, ‘আমি স্টেশনে এলে কর্মকর্তাদের মধ্যেও কাজের প্রেরণা বাড়ে।’এ ছাড়া স্টেশন পরিদর্শনের সময় মহিলা ও প্রতিবন্ধীদের কাউন্টারে টিকিট সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা জেনে তা তাত্ক্ষণিক সমাধানে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।