খরচ উঠছে না চিন্তায় পোয়ামুহুরীর জুমচাষিরা
মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবান জেলার আলীকদম উপজেলার পোয়ামুহুরী এলাকায় মুরং ও ত্রিপুরা উপজাতিদের বসবাস বেশি। কেবল বর্ষাকালেই উপজেলা সদরের সঙ্গে এই এলাকার নৌকায় যোগাযোগ থাকে। বাকি সময় হেঁটে যেতে হয়। সময় লাগে ১০ থেকে ১১ ঘণ্টা। আর বর্ষাকালে নৌকায় স্রোতের অনুকূলে যেতে লাগে সাড়ে চার ঘণ্টা। স্রোতের প্রতিকূলে ফিরতে লাগে সাত ঘণ্টা। তাই খুব প্রয়োজন ছাড়া পোয়ামুহুরীর কেউ উপজেলা সদরে যায় না। পোয়ামুহুরীর উপজাতিদের প্রধান জীবিকা কৃষি। বছরে একবারই পাহাড়ের ঢালে জুম চাষ করে তারা। সারা বছরের খোরাক আসে জুম থেকে। ধানের পাশাপাশি হলুদ, আদা ও কার্পাস তুলার চাষ হয়। এ বছর ফসল ভালো হলেও দাম অনেক কম। তারা বলছে, বিশেষ করে হলুদ, আদা ও তুলার দাম এতই কম যে এ বছর তাদের উৎপাদন খরচও উঠবে না।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ফসলের ভালো দাম না পাওয়ায় কৃষকেরা সারা বছর চলার মতো অর্থ সঞ্চয় করতে পারেননি। গত বছরের এক-পঞ্চমাংশে নেমে এসেছে হলুদের দাম। আদার দাম নেমে এসেছে অর্ধেকে। তুলার দামও সেভাবে পাননি তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি রোববার পোয়ামুহুরী বাজারে বেচাকেনা চলে। আগের দিন ভোরে আলীকদম থেকে ব্যবসায়ীরা নৌকায় রওনা হন। বাজারে পৌঁছান সন্ধ্যা বা রাত নাগাদ। পরদিন বাজারে কেনাবেচা করে আবার নৌকায় চড়ে ফিরে যান। পোয়ামুহুরীর দড়িপাড়ার কার্বারি ও কৃষক মাং অং মুরং প্রথম আলোকে বলেন, এবার তাঁর সাত মণ হলুদ হয়েছে। প্রতি মণ এক হাজার ৬০০ টাকা করে বিক্রি করেছেন। অথচ, গত বছর তিন মণ হলুদ ফলিয়ে আট হাজার টাকা বিক্রি করেছেন। মাং অং আরও বলেন, ‘গত বছর আট মণ আদা এক হাজার ২০০ টাকা করে বিক্রি করেছি। এ বছর দাম অর্ধেকে নেমে এসেছে। তাই ৬০০ টাকা করে সাত মণ আদা বিক্রি করেছি। একইভাবে আমরা তুলার দামও পাইনি। এ বছর আমার এক মণ তুলা হয়েছে। বিক্রি করে পেয়েছি মাত্র এক হাজার টাকা।’ ফসলের দাম পড়ে যাওয়ায় চিন্তিত পোয়ামুহুরীর মেনতাম মুরং নামের আরেক কৃষক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এ বছর চার মণ হলুদ বিক্রি করেছি এক হাজার ৪০০ টাকা করে। কাঁচা মরিচও এবার ভালো উৎপাদিত হয়েছে, কিন্তু দাম পাইনি। তাই হতাশার মধ্যে আছি আমরা।’গত রোববার চট্টগ্রামের স্থানীয় বাজারে কেজিপ্রতি ১১০ থেকে ১৩০ টাকা করে গোটা হলুদ বিক্রি হয়েছে। মণ হিসেবে এর দাম চার হাজার ৪০০ থেকে পাঁচ হাজার ২০০ টাকা। গত বছর ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে চট্টগ্রামের খুচরা বাজারে গোটা হলুদ বিক্রি হয়েছে। আর গতকাল আদার দর ছিল কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা।পোয়ামুহুরীর কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদর থেকে সড়কপথে যোগাযোগব্যবস্থা না থাকায় কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। আশপাশেও অন্য কোনো বাজার নেই। তাই ক্রেতারা যে দর বলেন, সেই দরে ফসল বিক্রি করতে বাধ্য হন তাঁরা। পোয়ামুহুরীর প্রায় ১২ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে করুকপাতা বাজার। সেই বাজারের সঙ্গেও আলীকদমের সড়ক যোগাযোগব্যবস্থা নেই। মেনরোয়া মুরং নামের আরেক কৃষক প্রথম আলোকে বলেন, তাঁর এ বছর ১০ মণ আদা, ১০ মণ হলুদ ও দুই মণ কার্পাস তুলা হয়েছে। সব ফসল বিক্রি করে যা পেয়েছেন, তা দিয়ে এক বছরের খোরাকির খরচ তুলতে পারছেন না। তাই এবার কাঠ সংগ্রহের দিকে মনোযোগ দিয়েছেন। স্থানীয় কৃষকেরা জানান, পোয়ামুহুরী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার কারও মুখে হাসি নেই। গত ২৭ মে সাপ্তাহিক বাজারের দিন আলীকদমের সঙ্গে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ওই দিন উপজেলা থেকে চাল আসেনি। তাই অনেক পরিবার সংকটে পড়ে। পরে সেনাবাহিনীর পোয়ামুহুরী ক্যাম্প থেকে স্থানীয় লোকজনের মধ্যে চাল বিতরণ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় আলীকদমের সঙ্গে নৌ-যোগাযোগ আবার শুরু হয়েছে। আর সেনাবাহিনীর সদস্যরা কেবল হেলিকপ্টারের মাধ্যমেই মালামাল, ভোগ্যপণ্য ও ওষুধ পরিবহন করেন। শিক্ষার আলো তেমন নেই এসব জনগোষ্ঠীর মধ্যে। চিকিৎসাব্যবস্থাও অপ্রতুল। জটিল সমস্যায় পড়লে স্থানীয় বাসিন্দারা পোয়ামুহুরী সেনাক্যাম্পে গিয়ে চিকিৎসা নেয়। সেনাক্যাম্পে বিনা মূল্যে তাদের চিকিৎসা দেওয়া হয়।পোয়ামুহুরী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, তাঁরা সেনাক্যাম্প থেকে ভুক্তভোগী পরিবারগুলোকে সাহায্য করার যথাসম্ভব চেষ্টা করেন।