খরচ কমিয়ে দাম কমাতে বলেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাড়ে ২২ হাজার ফ্ল্যাটের দাম কমানোর সুপারিশ করেছে পূর্ত মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ রোববার সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। এর আগে রাজউকের ফ্ল্যাট নির্মাণ সম্পর্কে সংসদীয় উপকমিটির একটি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।রাজউক এসব ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুট তিন হাজার ৩০০ টাকা রাখার প্রস্তাব করে। কমিটি বর্গফুটপ্রতি ৩০০ টাকা কমিয়ে তিন হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। রাজধানীর উত্তরায় এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। সাড়ে ৮০০, এক হাজার ৫০ এবং সাড়ে এক হাজার ২০০ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে।বৈঠক শেষে কমিটির সদস্য আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্যই রাজউক এসব ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। কমিটি এসব ফ্ল্যাটের খরচ কমিয়ে দাম সহনীয় পর্যায়ে রাখার সুপারিশ করেছে।সভায় উপকমিটির প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ফ্ল্যাট নির্মাণের ব্যয়ও কমানোর সুপারিশ করে। বর্তমানে এসব ফ্ল্যাট নির্মাণের জন্য নয় হাজার ৫০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। কমিটি এখান থেকে ৪৮০ কোটি টাকা কমিয়ে প্রকল্পের খরচ নয় হাজার ২০ কোটি করার সুপারিশ করে।কমিটি এই ৪৮০ কোটি টাকা অপ্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেছে। এসব খরচের মধ্যে রয়েছে একটি লেক তৈরি, প্রকল্পের গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ।কমিটির এই সুপারিশের সঙ্গে প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান একমত পোষণ করেন বলে জানা গেছে। সভায় আগামী দুই বছরের মধ্যে এসব ফ্ল্যাট নির্মাণের কাজ শেষ করার সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, সরকারিভাবে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য অধিক সুযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া বেসরকারি শিক্ষকদের জন্য ২ শতাংশ কোটা বরাদ্দ রাখার জন্য সুপারিশ করা হয়।সভায় গণপূর্ত বিভাগের নির্মাণকাজে গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা, দক্ষতা ও দ্রুততার সঙ্গে সব প্রকল্পের কাজ শেষ করার জন্য পরামর্শ দেওয়া হয়।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আবদুছ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।