খরচ ছাড়াই ভেড়া পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেড়াগুলো খোলা মাঠে চরে বেড়াচ্ছে। বাড়ির পাশেই মাঠ। সেই সকালবেলা ঘর থেকে বেরিয়ে গেছে। মাঠে গরু ও ছাগলের ভিড়ে এলোমেলো ঘুরে ঘাস খাচ্ছে। সারা দিন এই মাঠ আর আশপাশের সড়কে ঘুরেফিরে তাদের বেলা কেটে যায়। ভেড়াগুলো বাড়ি ফিরবে সন্ধ্যাবেলা। এই সময়ের মধ্যে ভেড়া নিয়ে মালিকের কোনো উৎকণ্ঠা-উদ্বেগও নেই। এই ভেড়ার মালিক কেবলই কৈশোর উত্তীর্ণ এক তরুণ আছলাম হোসেন (১৯)। অল্প পুঁজি, অল্প শ্রম এবং বাড়তি কোনো খরচ ছাড়াই তাঁর কাছে ভেড়া পালন বাণিজ্যিকভাবে লাভজনক এক নতুন সম্ভাবনা হয়ে উঠেছে। এরই মধ্যে তিনি ভেড়া পালনের জন্য পুরস্কারও পেয়ে গেছেন। আছলাম হোসেনের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে। আছলাম হোসেন জানিয়েছেন, শখ করে তাঁদের পরিবারে ভেড়া পালন অনেক দিন থেকেই চলে আসছে। তবে তা সংখ্যায় দু-চারটা ছিল। প্রয়োজনে, অতিথি আপ্যায়নে সেই দু-চারটা থেকে জবাই করা হয়েছে। একসময় সেই ধারাটাও কমে যায়। বাড়ি বদলের কারণে যে দু্-চারটা ছিল সেগুলোও অন্যের কাছে দিয়ে দেওয়া হয়। তবে বছর কয়েক আগে হঠাৎ করেই আবার তাঁরা ভেড়া পালনের দিকে ঝুঁকে পড়েন। পারিবারিকভাবে এত দিন শখের প্রাণি হিসেবে ভেড়া লালন-পালন করা হয়েছে। এবার আর শুধু শুধু শখ নয়, এবার ভেড়া পালনের দায়িত্ব নেন আছলাম হোসেন।বছর দুয়েক আগে চারটি ভেড়া দিয়ে তাঁদের পরিবারে ভেড়া পালনের নবযাত্রা শুরু হলো। বাড়তে থাকে ভেড়ার সংখ্যা। সেই চারটি ভেড়ার বাচ্চাকাচ্চা মিলে এখন সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে। তবে সংখ্যা এতেই সীমাবদ্ধ নেই। বিগত এক বছরে ২০টি ভেড়া বিক্রি করেছেন। প্রতিটির দাম তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানাদিতে আরও ১৫ থেকে ২০টি ভেড়া জবাই করা হয়েছে। এই হিসাবে বছরে ভেড়া পালন থেকে তাঁদের আয় ও সাশ্রয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। আছলাম হোসেন বলেন, ‘পারিবারিকভাবে কেউ না কেউ ভেড়ার দেখাশোনা করতে পারেন। এমন কি বাড়ির নারীরাও দেখতে পারেন। ভেড়ার খাবার নিয়ে চিন্তা নেই। বাড়তি কোনো খাবার দিতে হয় না। তাদের পেছনে কোনো পরিশ্রম করতে হয় না। কোনো রোগবালাই নেই। সেই সকালবেলা ঘর থেকে মুক্ত করে দেওয়া হয়। সারা দিন মাঠে খেয়ে বেড়ায়। সন্ধ্যাবেলা আবার ঠিকঠাকমতো ঘরে ফিরে আসে।’ তিনি জানালেন, এরই মধ্যে তিনি প্রাণিসম্পদ বিভাগ থেকে বেড়ার লালন-পালনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি (আছলাম হোসেন) জানান, তিনি ও তাঁর মামা মো. সোহেল মিলেই এখন ভেড়াগুলো লালন-পালন করছেন। সোহেল বলেন, ‘ভেড়া পালনে কোনো কষ্ট নাই। ভেড়ার কোনো বিমার (অসুখ) নাই।’ তিনি জানালেন, বছরে একটি ভেড়ি (স্ত্রী ভেড়া) দুবার এক থেকে দুটি বাচ্চা প্রসব করে থাকে। একটি ভেড়ি থেকে বছরে দুই থেকে চারটি বাচ্চা পেয়ে থাকেন তাঁরা। ছয় মাসে সেই বাচ্চা তিন থেকে চার হাজার টাকা দামের হয়ে ওঠে। ভেড়া কেনার জন্য তাঁদের বাড়িতেই অনেক লোক ছুটে আসে। যে জন্য ভেড়ার বাজার নিয়েও কোনো দুশ্চিন্তা নেই। পাশের হাটবাজারগুলোতেও ভেড়ার ক্রেতারা আসেন। তিনিও সেই একই কথা বললেন, ভেড়া পালনে বাড়তি কোনো শ্রম দিতে লাগে না। তাদের পেছনে কোনো খরচ নেই। অসুখ-বিসুখ নেই বলে কোনো ঝুঁকিও নেই। একটা সময় এই ভেড়া পালন তাঁদের কাছে সৌখিন থাকলেও এখন লাভজনক বাণিজ্যিক সম্ভাবনা হয়ে উঠেছে। তাঁদের দেখাদেখি আরও অনেকেই ভেড়া পালনে উৎসাহী হয়ে উঠছেন। প্রতিবেশী আবুল হোসেন বলেন, ‘সে (আছলাম) আমার বয়সে ছোট। কিন্তু তার ভেড়া পালন দেখছি। এটা আমার মধ্যেও উৎসাহের সৃষ্টি করছে। আমার পরিকল্পনা আছে, ভেড়ার খামার গড়ে তোলার।’ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল আউয়াল ভূঁইয়া বলেন, ‘এখানে প্রাকৃতিকভাবে ভেড়া পালনের সুবিধা আছে। বছরের অনেকটা সময়জুড়ে পতিত জমি পড়ে থাকে। বন-জঙ্গল আছে। ভেড়া চরে খেতে পারে। এ ছাড়া ভেড়া পালনের সুবিধা অনেক। গরু যে ঘাস খেয়ে যায়, পেছন পেছন ভেড়া উচ্ছিষ্ট ঘাসটি খেয়ে নেয়। তাদের জন্য বাড়তি কোনো খাবার লাগে না। একটু খেয়াল রাখলেই চলে। তেমন কোনো শ্রমও দিতে হয় না।’