খরচ না করেই অর্থ তুলে নিয়েছে বিআইডব্লিউটিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খরচ না করেই প্রকল্পের টাকা উঠিয়ে নিয়ে গেছে খোদ সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রকৃত দরের চেয়ে বেশি দর দেখিয়ে অর্থ তুলে নিয়েছে সংস্থাটি।নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং করতে গিয়ে নিজস্ব ড্রেজার ও লোকবল থাকার পরও বেসরকারি খাতের ড্রেজিংয়ের সমান দর দেখিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকার অতিরিক্ত বিল তুলে সংস্থার নিজস্ব তহবিলে জমা করা হয়েছে। ঢাকা-মংলা ও চট্টগ্রাম-মংলা নৌপথদ্বয়ের সংযোগ রক্ষাকারী গাবখান খাল ড্রেজিংয়ের মাধ্যমে প্রশস্তকরণ ও নাব্যতা উন্নয়ন প্রকল্পে এই অনিয়মের ঘটনা ঘটেছে। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এক তদন্তে এই অনিয়মের ঘটনা উদ্ঘাটন করেছে।আইএমইডি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের এপ্রিলে এই প্রকল্পে অনিয়মের প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। প্রতিবেদনটি জমা দেওয়ার প্রায় এক বছর পর অনিয়মের ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাণিজ্যিক) আবদুল কুদ্দুসকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিও গত ছয় মাসে তদন্ত শেষ করতে পারেনি। নিয়মানুযায়ী প্রতিবেদন পাঠানোর ৩০ দিনের মধ্যে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আইএমইডিকে জানানোর নিয়ম রয়েছে। প্রকল্পটি সম্পর্কে সদ্য ওএসডি হওয়া আইএমইডির সচিব আবদুল মালেক গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রকল্প অনিয়মের প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর পর গত দেড় বছরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। আইএমইডি শুধু অনিয়মের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে। তিনি প্রশ্ন তুলে বলেন, ব্যয় কমানোর জন্য সরকার ড্রেজারগুলো কিনেছে। কিন্তু বেসরকারি ড্রেজারের সমান খরচ হলে কেন শুধু বেতন-ভাতা দিয়ে জনবল পোষা হবে কিংবা বিপুল অর্থ ব্যয় করে ড্রেজারগুলো রক্ষণাবেক্ষণ করা হবে।যোগাযোগ করা হলে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, এই প্রকল্পে ঠিক দুর্নীতি হয়নি, তবে কিছু আর্থিক অনিয়ম হয়েছে। বিআইডব্লিউটিএ এক খাত থেকে টাকা অন্য খাতে নিয়ে গেছে। আর এই অর্থ সরানোর বিষয়ে আপত্তি জানিয়ে আইএমইডির সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। যেভাবে অনিয়ম হয়েছে: ঝালকাঠি ও পিরোজপুর জেলায় প্রকল্পের আওতায় খননকাজ শুরু হয় ২০০৪ সালে। ২০০৭ সালের ডিসেম্বর মাসে পুরো প্রকল্পের কাজ শেষ হয়। প্রথমে প্রকল্প ব্যয় ১৬ কোটি এক লাখ টাকা নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ১৭ কোটি ৩৯ লাখে বাড়ানো হয়। প্রকল্পের মূল কাজ ছিল গাবখান চ্যানেলে ১৮ লাখ ৫০ হাজার ঘনমিটার ড্রেজিং করা। আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের ড্রেজিং খাতে বিআইডব্লিউটিএ নিজস্ব ড্রেজার (খননযন্ত্র) দিয়ে প্রতি ঘনমিটার নদী খননে ব্যয় দেখিয়েছে ৮৩ টাকা ৯৪ পয়সা। আর বেসরকারি ড্রেজার দিয়ে প্রতি ঘনমিটারে খরচ পড়েছে ৮৪ টাকা তিন পয়সা। অর্থাৎ প্রতি ঘনমিটার খননে সরকারি ও বেসরকারি ড্রেজারের খরচ প্রায় সমান দেখানো হয়। বিআইডব্লিউটিএর নিজস্ব জনবল ও ড্রেজার ব্যবহার করা সত্ত্বেও বেসরকারি ড্রেজারের সমান দর হওয়ার বিষয়টিকে সমীচীন নয় বলে আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে। আইএমইডি অনুসন্ধান করে দেখেছে, সরকারি ড্রেজারে খনন করলে ব্যয় ৫০ শতাংশ হ্রাস পায়। বিআইডব্লিউটিএর নিজস্ব ড্রেজার দিয়ে প্রতি ঘনমিটার ড্রেজিংয়ে প্রকৃত খরচ পড়েছে গড়ে ৫০ থেকে ৬০ টাকা। কিন্তু সংশোধিত প্রকল্প প্রস্তাবনায় প্রতি ঘনমিটারে খননব্যয় বেশি দেখিয়ে বিআইডব্লিউটিএ ছয় কোটি ৩২ লাখ ছয় হাজার ৮২০ টাকার বিল উত্তোলন করে। প্রকল্পটির আওতায় এভাবে সাত লাখ ৫৩ হাজার ঘনমিটার ড্রেজিং কাজে প্রকৃত খরচের তুলনায় এক কোটি ৮০ লাখ ২৬ হাজার টাকা বেশি উঠিয়ে নেয় বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর কাছে বর্তমানে সাতটি ড্রেজার রয়েছে। এসব ড্রেজারের বার্ষিক ড্রেজিং ক্ষমতা ২৭ লাখ ঘনমিটার। প্রয়োজনের তুলনায় ড্রেজার কম থাকায় এই প্রকল্পের আওতায় বেসরকারি ড্রেজার দিয়ে বাকি প্রায় ১১ লাখ ঘনমিটার খনন করা হয়। এই কাজে বেসরকারি ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে নয় কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু প্রস্তাবনায় কী পরিমাণ খননকাজ বেসরকারি ও সরকারি ড্রেজার দিয়ে করা হবে তার বিভাজন ছিল না, যা নিয়ে আইএমইডি প্রশ্ন তুলেছে। আর এই সুযোগ নিয়ে বেসরকারি ঠিকাদারের মতো একই দরে বিল উত্তোলন করেছে বিআইডব্লিউটিএ। আইএমইডির অনুসন্ধানে আরও দেখা গেছে, একই প্রক্রিয়ায় অতীতেও দর বেশি দেখিয়ে বিল উত্তোলন করে এই অর্থ দিয়ে একটি নিজস্ব তহবিল তৈরি করেছে বিআইডব্লিউটিএ। এই অর্থ নিজেদের আনুষঙ্গিক অন্য কাজে ব্যয় করা হয়েছে, যা প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।