খরচ বাড়ছে, ঝক্কি কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) জন্য ফি হাতে-লেখা পাসপোর্টের দেড়গুণ হচ্ছে। এখন থেকে সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার টাকা আর জরুরির জন্য ছয় হাজার টাকা লাগবে। গতকাল বুধবার বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা স্বীকার করেছেন, দাম বাড়লেও পাসপোর্ট পেতে সাধারণ মানুষকে যে ঝক্কি পোহাতে হয়, তা থাকছেই।আজ কাল বৃহস্পতিবার থেকে (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এমআরপির আবেদন নেওয়ার কাজ। সে উপলক্ষে গতকাল আগারগাঁও পাসপোর্ট ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ছাড়াও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ ও ‘ইন্ট্রোডিউসিং অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ’ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশে বর্তমানে প্রচলিত হাতে লেখা পাসপোর্টে দেশের বাইরে যেতে কিংবা প্রবাসীদের দেশে ফেরার সময় বিভিন্ন বিমানবন্দরে নানা রকম ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) শর্ত অনুসারে সরকার এমআরপি চালু করছে। আইসিএওর নীতিমালা অনুযায়ী এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালুর বাধ্যবাধকতা রয়েছে। তাই আজ থেকে শুধু ঢাকায় এমআরপির আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে আরও ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া হবে। আর এমআরপি পাসপোর্ট বিতরণ শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। তিনি বলেন, আপাতত ১০টি পাসপোর্ট অফিসে এমআরপির আবেদনপত্র পাওয়া গেলেও পরে আরও ৩৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ও আবেদনপত্র সরবরাহ করা হবে। ২০১৫ সাল পর্যন্ত যাদের পাসপোর্টের মেয়াদ রয়েছে, তাদের এখনই এমআরপি করাতে হবে না। ফলে দেশে ও প্রবাসে যাদের পাসপোর্টের মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত, তাঁরা হাতে-লেখা প্রচলিত পাসপোর্টই ব্যবহার করতে পারবেন। এ ছাড়া বিশেষ প্রয়োজনে বর্তমানে প্রচলিত পাসপোর্টও এক হাজার টাকা ফি দিয়ে এক বছরের মেয়াদ দিয়ে সরবরাহ করা হবে।স্বরাষ্ট্রসচিব বলেন, এমআরপি ও এমআরভির (যন্ত্রে পাঠযোগ্য ভিসা) জন্য নতুন ফি নির্ধারণ করা হয়েছে। সবুজ, নীল ও লাল রঙের তিন শ্রেণীর এমআরপি ও এমআরভির ফি প্রস্তাব করা হয়েছে তিন হাজার টাকা। আর জরুরি ক্ষেত্রে ফি হবে ছয় হাজার টাকা। বর্তমানের হাতে-লেখা পাসপোর্টের ফি সাধারণ দুই হাজার টাকা এবং জরুরি তিন হাজার টাকা।বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মাবুদ বলেন, প্রথম পর্যায়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, যশোর ও গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে এমআরপির আবেদন নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য আঞ্চলিক ও জেলা কার্যালয়েও তা করা হবে। সাধারণ মানুষ আগের মতোই অনলাইন থেকে ফরম সংগ্রহ করতে পারবে। আগের পাসপোর্টের ফরমের চেয়ে এ ফরম কিছুটা ভিন্ন বলে তাঁরা জানান।