খররোদ মাথায় নিয়ে হাসিমুখে বর্ষবরণ
বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে গত বুধবার বাঙালি সাড়ম্বরে বরণ করে নিয়েছে নববর্ষ। নতুন বছর ১৪১৭ সনের শুরুর দিনটি চিরাচরিত ঐতিহ্য অনুসারে পরিণত হয়েছিল সব মানুষের প্রাণের উৎসবে।এবারই প্রথম সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত বর্ষবরণের বৈশাখী উৎসবের কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। সে কারণে উৎসবের ব্যাপকতা ছিল বরাবরের তুলনায় অনেক বিস্তৃত। দিনটি ছিল সরকারি ছুটি। গত্বাঁধা জীবন থেকে মুক্ত হয়ে আমজনতা মেতে উঠেছিল উল্লাস-উচ্ছ্বাসে।রাজধানীতে ভোর থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তার মধ্যে পথে পথে নেমেছিল মানুষের ঢল। উৎসবের প্রধান কেন্দ্র রমনা পার্ক, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। শেরাটন, কাকরাইল, মৎস্য ভবন, কদম ফোয়ারা, গ্রন্থ ভবন চত্বর, চানখাঁরপুল, পলাশী ও নীলক্ষেত মোড়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কড়া পাহারা দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। রমনা পার্কের প্রবেশপথগুলোতে বসানো হয়েছিল আর্চওয়ে। যানবাহন ঢুকতে না দেওয়ায় এই বিশাল এলাকা সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়েছিল। গ্রীষ্মের খররোদ মাথায় নিয়ে হাসিমুখেই পথে পথে ঘুরেছে উৎসবে মাতোয়ারা লোকজন।তপ্ত দিনে প্রশান্তির সাদা, আর উৎসবের লাল—দুয়ে মিলে লাল-সাদা বৈশাখী রং। মেয়েরা পরেছে শাড়ি, সালোয়ার-কামিজ, পায়ে আলতা, হাতে মেহেদি, খোঁপায় তাজা ফুলের মালা। ছেলেদের পরনে নকশা করা পাঞ্জাবি, ফতুয়া, অনেকের পরনে ছিল ধুতি-পাঞ্জাবি। তৎপর ছিলেন পথে পথে রং-তুলি নিয়ে হাজির থাকা আঁকিয়েরা। ‘স্বাগত ১৪১৭’ বা ‘শুভ নববর্ষ’ লিখে দিয়েছেন তাঁরা চিবুকে, বাহুতে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান অকাতরে বিলিয়েছে মাথার শোভা বাড়ানোর জন্য কাগজের মুকুট, টুপি, ব্যান্ড ইত্যাদি। গরমের জ্বালা থেকে একটু স্বস্তি পেতে ছিল কাগজের বিকল্প হাতপাখা।রমনা-শাহবাগ এলাকা ছাড়াও রবীন্দ্রসরোবর মঞ্চকে কেন্দ্র করে ধানমন্ডি লেকের পাশ দিয়ে, সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ও চন্দ্রিমা উদ্যানেও নেমেছিল জনস্রোত।উৎসব এলাকার পথের পাশ দিয়ে বসেছিল হরেক রকমের পণ্যের পসরা। ঢোল, ডুগডুগি, একতারা, পাখা, শোলার ফুল-পাখি, বাঁশি থেকে রঙিন কাচের চুড়ি, কাঁচা আম, আইসক্রিম বিক্রি হয়েছে প্রচুর।এবার পয়লা বৈশাখের প্রধান অনুষ্ঠানগুলো ছাড়াও শহরজুড়ে ট্রাকে ভ্রাম্যমাণ মঞ্চ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, আবৃত্তি, নাটক পরিবেশন করেছেন। আবার অনেকে ট্রাক ভাড়া করে মাইকে গান-বাজনা করেও শহরের পথে পথে ঘুরে আনন্দ করেছে।পয়লা বৈশাখের পান্তা-ইলিশ ও নানা ধরনের পিঠা-পুলিরও আয়োজন ছিল বৈশাখী মেলার অস্থায়ী দোকানপাটে। রমনা উদ্যান, শিশু একাডেমীর মাঠে, রবীন্দ্রসরোবর মঞ্চের পাশের খাবারের দোকানগুলোতে এ ধরনের আয়োজন করা হয়েছিল।ছায়ানটের বর্ষবরণলোকসমাগম শুরু হয়েছিল অনুষ্ঠান শুরুর আগেই। পূর্ব গগনে ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হলো এসরাজবাদন। সুরের মূর্ছনা দিয়েই নববর্ষের প্রভাতে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবের সূচনা হয়েছিল বুধবার। ছায়ানটের এই প্রভাতি সংগীতানুষ্ঠান এখন পরিণত হয়েছে বৈশাখী উৎসবের ঐতিহ্যের অংশ হিসেবে।বৈরাগী রাগে অসিত বিশ্বাসের এসরাজবাদনের পর গানের পালা। এবারের অনুষ্ঠান সাজানো হয়েছিল তিন পর্বে। প্রথমে ছিল ভক্তিরসের রাগাশ্রয়ী গান। এরপর ছিল দেশ ও মানবতার গান এবং শেষে লোকসুরের গান। অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, লালন, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, জ্ঞানপ্রকাশ ঘোষ, সলিল চৌধুরী, শচীন দেব বর্মণসহ মহাজন পদকর্তাদের গানে গানে নববর্ষকে বরণ করা হয়।সমবেত কণ্ঠে ‘প্রভাতে বিমল আনন্দে’ গানটি দিয়ে গানের পালা শুরু। অনুষ্ঠানের গানগুলোর মধ্যে ছিল ‘সে ডাকে আমারে’, ‘উদার অম্বরে দরবারে’, ‘খেলিছ এ বিশ্ব লয়ে’, ‘এলো রে ভোরের পাখি’, ‘আলোয় আলোকময় করে হে’, ‘তোর আপনজনে ছাড়বে’, ‘এই না বাংলাদেশের গান’, ‘শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে’, ‘আজ জীবন খুঁজে পাবি’, ‘আমি তাকদুম তাকদুম বাজাই’, ‘এসো বৈশাখ তোমায় আমি’, ‘সর্বসাধন সিদ্ধ হয় তার’ ও ‘সেদিন আর কত দূরে’।ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের শুভেচ্ছা বক্তব্যের পর শিল্পীদের সঙ্গে সমবেত সবার কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল‘ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নুতন সৃজন বেদন/ আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার মতোই জয়ধ্বনির রব উঠেছিল পয়লা বৈশাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে মঙ্গল শোভাযাত্রাকে উপলক্ষ করে ছিল প্রাণের জোয়ার। শিশু-কিশোর-যুবা থেকে সব বয়সের, সব শ্রেণীর মানুষ অংশ নেয় এতে।বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। চারুকলার সামনের পথে আগে থেকেই ছিল এবারের মূল আকর্ষণ হাতি, সওয়ারসহ ঘোড়া, ময়ূর ও পাখির বিরাট আকারের প্রতিকৃতি। এ ছাড়া ছিল পাখি, ফড়িং, ময়ূর ও মানুষের মুখের হাজারখানেক মুখোশ। সকাল নয়টায় চারুকলার ভেতর থেকে নানা বাদ্যযন্ত্রের তালে তালে বেরিয়ে আসে শোভাযাত্রা।বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রাটি টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বেলা পৌনে ১১টার দিকে আবার চারুকলায় এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন অর রশীদ, রফিকুন নবী, আবুল বারক আলভীসহ চারুকলার শিক্ষকেরা শোভাযাত্রায় অংশ নেন।এ সময় রফিকুন নবী বলেন, চারুকলার শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতের সুন্দরের কামনায় এবারও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে।শুধু বাঙালিই নয়, বিদেশিরাও বাঙালি সাজে যোগ দেয় এই শোভাযাত্রায়। তাঁদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। গান, চিৎকার আর হর্ষধ্বনিতে এগিয়ে চলে শোভাযাত্রা। ‘ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন’ স্লোগানে ধ্বনি ওঠে সবার মঙ্গল কামনার।নারকেল বীথিতে ঋষিজ‘জাগো নব আনন্দে’ স্লোগান নিয়ে রাজধানীর ভাসানী সড়কে শিশুপার্কের প্রবেশদ্বারে নারকেল বীথি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঋষিজ। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস।পরে মঞ্চে অমলেন্দু বিশ্বাস পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রফুিকল আলম, বুলবুল মহলানবীশ, নমিতা ঘোষ ও মনোরঞ্জন ঘোষালকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ঋষিজের সভাপতি ফকির আলমগীর ও সাধারণ সম্পাদক সমর বড়ুয়া।এ ছাড়া রবীন্দ্রসরোবর মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ছিল লাঠিখেলা ও লোকগানের অনুষ্ঠান। এখানে সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, কানন বালা সরকার, শান্তা সরকারসহ আরও অনেকে। শিল্পকলায় বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুরান ঢাকায়ও ছিল বর্ষবরণের জমজমাট আয়োজন। লালকুঠিতে ফরাশগঞ্জ ক্লাবের আয়োজনে দিনব্যাপী লোকগান, নৃত্য আবৃত্তিসহ নানা বিভিন্ন ধরনের পরিবেশনায় অনুষ্ঠান ছিল জমজমাট।পিলখানায় উৎসব: বিডিআরের আয়োজনে পিলখানার প্রশিক্ষণ মাঠে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিডিআরের কর্মকর্তা, সৈনিক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন।