খরস্রোতা পিয়াইন ধু ধু বালুচর
সিলেটের গোয়াইনঘাট উপজেলার খরস্রোতা পিয়াইন নদী এখন শুধুই মরা খাল। পিয়াইনের বিশাল শরীর এখন ধু ধু বালুচর। জাফলং দিয়ে বহমান নদীর মূল শাখাটি এখনো প্রবহমান থাকলেও বিস্তৃত শাখা-প্রশাখা কেবলই মরুভূমি। বিশেষ করে পশ্চিম জাফলং এলাকার দক্ষিণ প্রতাপপুর ও পান্তুমাই গ্রামের প্রশস্ত নদীটিতে পড়েছে বিশাল চর। অপরদিকে জাফলং বাজারের পাশ ঘেঁষা বিশাল নদীর বড় অংশজুড়ে চর পড়েছে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, পশ্চিম জাফলং এলাকার দক্ষিণ প্রতাপপুর ও পান্তুমাই গ্রামের বিশাল এলাকায় চর পড়ার কারণে সীমান্তবর্তী এ এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা দুর্গম হয়ে পড়েছে। এক সময় এসব এলাকার মানুষ নদীপথে সহজেই চলাচল করত। কিন্তু বেশ কয়েক কিলোমিটারজুড়ে চর পড়ায় এখন না আছে জল পথ, না আছে স্থলপথ। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী, হাটবাজার করতে আসা মানুষজন ও এলাকাবাসী প্রতিদিন দুর্ভোগের শিকার হন। এলাকার মানুষের সঙ্গে আলাপ করে জানা যায়, একসময় পিয়াইনপারের বেশির ভাগ মানুষের আয়ের উৎস ছিল মাছ ধরা। কিন্তু পিয়াইন নদী শুকিয়ে যাওয়ায় শত শত জেলে বেকার হয়ে পড়েছেন। এ ছাড়া চাষাবাদসহ নিত্যপ্রয়োজনে গ্রামের মানুষ নদীর পানি ব্যবহার করত। তাই এখন নদীও নেই, সেচও নেই। নিত্যপ্রয়োজনের পানির জন্যও মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছে। এলাকাবাসীর অনেকেই জানান, পিয়াইন নদীর এ করুণ দশায় সরকার কিংবা জনপ্রতিনিধিদের মধ্যে কেউ এখন পর্যন্ত কোনো উদ্যেগ নেয়নি। উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের প্রবীণ ব্যক্তি মুক্তা নাথ বলেন, ‘পিয়াইন গাং (নদী) আছিল আমরার জান। এখন গাং শুকাইয়া আমরারেও আধমরা করি রাখি দিছে।’ পান্তুমাই গ্রামের সোহেল আহমদ বলেন, ‘নদীতে প্রচুর মাছ ছিল। চর পড়ায় সেই দিন আর নেই।’স্থানীয় হাজীগঞ্জ বাজারের প্রধান শিক্ষক সানু মিয়া বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড যদি নদীটি খনন করত, তাহলে পিয়াইন আবার প্রাণ ফিরে পেত।’ জাফলং বাজারের বাসিন্দা অমূল্য চন্দ্র দেব বলেন, ‘এ নিয়ে অনেক লেখালেখি করেছি; কিন্তু কারও টনক নড়াতে পারিনি।’ পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের নজমুল হক বলেন, ‘সরকার নদীটি খনন করে দিলে এ এলাকায় কৃষি বিপ্লব ঘটানো যেত।’পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, ‘পিয়াইনপারে আমার বাড়ি। বলতে গেলে আমার ইউনিয়নের দুঃখ পিয়াইন। এটি বড় বাজেটের ব্যাপার। সরকারের কাছে আমার দাবি, নদীটি খনন করা হোক।’ উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, ‘একসময় পিয়াইন নদীর মিঠাপানির মাছ বৃহত্তর সিলেটে প্রসিদ্ধ ছিল। নদী শুকিয়ে যাওয়ায় সেই দেশি মা-মাছও হারিয়ে গেছে। নদী সংরক্ষণ জরুরি বলে আমি মনে করি।’ উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পিয়াইন নদীর ওপর অনেক অত্যাচার হয়েছে। অপরিকল্পিতভাবে পাথর ও বালু উত্তোলন করা হয়েছে। ফলে আজ একদিকে পাথর-বালু সম্পদ যেমনি হুমকির সম্মুখীন, তেমনি নদীমাতৃক এ অঞ্চলের মানুষের জীবনযাত্রাও কষ্টের হয়ে পড়েছে। নদীটি খননের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব।’