খরা ও বন্যাসহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিজ্ঞানীদের প্রতি বন্যা, খরা ও লবণসহিষ্ণু জাতের ধান উদ্ভাবনের আহ্বান জানিয়ে বলেছেন, ২০১৩ সালের মধ্যে তাঁর সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, তাঁর সরকার মনে করে, শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয় বরং বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত করা সম্ভব। গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন কৃষিসচিব মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে কৃষিতে অবদান রাখায় পাঁচজনকে স্বর্ণ, নয়জনকে রৌপ্য এবং ১৮ জনকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।১৯৯৬ সালে আওয়ামী লীগের সরকার দায়িত্ব গ্রহণের পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে আবার দেশকে খাদ্য-ঘাটতির দেশে পরিণত করে। বর্তমান সরকার সে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তাঁর বিশ্বাস ২০১৩ সালের মধ্যে আবার তাঁরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হবেন। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরা ইত্যাদি দুর্যোগ বেড়েই চলেছে। সাম্প্রতিককালে এ অঞ্চলে ঘূর্ণিঝড় সিডর ও আইলা আঘাত হানে। সরকার এ দুটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আকস্মিক বন্যা, বিলম্বিত বর্ষা, অতিবৃষ্টি, দীর্ঘস্থায়ী খরা, অতিরিক্ত তাপমাত্রা—এর সবই জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। প্রধানমন্ত্রী পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে বেড়ে উঠতে সক্ষম ফসলের জাত উদ্ভাবনের আহ্বান জানিয়ে বলেন, ইতিমধ্যে বাংলাদেশের বিজ্ঞানীরা লবণসহিষ্ণু এবং বর্ষার পানিতে ডোবার পরও টিকে থাকতে সক্ষম ধানের জাত উদ্ভাবন করেছেন। এর ফলে বোরো মৌসুমে উপকূলীয় এলাকায় খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী এসব জাতের ধান উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেন, সুযোগ-সুবিধা পেলে বাংলাদেশের বিজ্ঞানীরা যে অনেক কিছু করতে পারেন, সম্প্রতি পাটের জীবনরহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা গবেষণাকাজে নিয়োজিত কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে বলেন, যাঁরা গবেষণাকাজে সফল হবেন, তাঁদের সরকার পুরস্কৃত করবে। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করেছে। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্তদায়িত্ব পালনকালে রেকর্ড পরিমাণ খাদ্য উৎপাদন করার জন্য জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থা সরকারপ্রধান হিসেবে তাঁকে মর্যাদাপূর্ণ ‘সেরেস পুরস্কার’-এ ভূষিত করে।বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ পুরস্কার কৃষি এবং কৃষকের উন্নতিতে ভূমিকা রাখবে। পুরস্কার বিতরণ: স্বর্ণপদক পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো—আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি, ঊষা রানী গোস্বামী, এম এ মতিন, কৃষি তথ্য সার্ভিস ও আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড। রৌপ্য পদক পাওয়া ব্যক্তিরা হলেন—ছফুরা বেগম, মো. হামিদুর রহমান, তারাপদ বালা, মো. সিদ্দিকুর রহমান, সার্জেন্ট (অব.) মো. সামছউদ্দিন, কে এম আবদুর রউফ, আলহাজ মো. ফসিয়ার রহমান, মো. রবিউল ইসলাম ও আলহাজ মো. ওমর ফারুক চৌধুরী। ব্রোঞ্জ পদক পাওয়া ব্যক্তিরা হলেন—মো. নুরুল ইসলাম, মো. এনামুল হক, হাবিবুর রহমান চৌধুরী, মো. মামুনুর রশীদ, মো. সাইফুল ইসলাম, মো. আঃ করিম, এম এ মতিন, সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, শাহ নাজরী ইমাম হাসান, রবীন্দ্রনাথ মল্লিক, মো. আবদুল বারী, জিয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মো. আবদুল মোত্তালেব, জামাল উদ্দীন আহমদ, সমীরণ দত্ত, মো. বাবুল হোসেন, মো. ইসমাইল হোসেন বাদশা মণ্ডল ও দেলোয়ারা খাতুন।