খরাপ্রবণ এলাকার জন্য নতুন জাতের ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের খরাপ্রবণ এলাকার কৃষকদের জন্য সুখবর বয়ে এনেছেন ধানবিজ্ঞানীরা। বিজ্ঞানীরা খরাসহিষ্ণু ধানের নতুন দুটি জাত উদ্ভাবন করেছেন। উদ্ভাবিত এই নতুন জাতের ধান বরেন্দ্র অঞ্চলের মতো কম বৃষ্টিপাত হয়, এমন এলাকায় আবাদ করে ভালো ফলন পাওয়া যাবে। আমন মৌসুমের জন্য উদ্ভাবিত এই জাত আবাদ করতে বাড়তি সেচের প্রয়োজন পড়বে না। এর আগে বিজ্ঞানীরা বেশি পানিসহিষ্ণু (দেশের মধ্য এলাকার জন্য) জাত এবং লবণসহিষ্ণু (দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার জন্য) জাত উদ্ভাবন করেছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) যৌথ উদ্যোগে তিন বছর ধরে রাজশাহী অঞ্চলের খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে এই ধানের পরীক্ষামূলক চাষ হয়েছে। খরা জয় করেও দুটি জাত শেষ পর্যন্ত টিকে যায়। একটি জাত ১০০ ও অপরটি ১০৫ দিনের মধ্যে ফলন দেবে। ব্রি ও ইরি সূত্রে জানা গেছে, খরাসহিষ্ণু এই জাত দুটির নাম এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ বীজ বোর্ড নামের অনুমোদন দেবে। এ জন্য প্রতিষ্ঠান দুটি সব প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামী মাসে বীজ বোর্ডে তারা কাগজপত্র জমা দেবে। এরপর অনুমোদন পেতে তিন থেকে চার মাস সময় লাগবে। আগামী আমন মৌসুমেই এই নতুন জাতের ধানের বীজ কৃষক পর্যায়ে পৌঁছাবে বলে তারা আশা করছে। ইরির বাংলাদেশের আবাসিক পরিচালক জয়নাল আবেদিন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, খরাসহিষ্ণু ধানের মূল জাতটি উদ্ভাবন করে ইরি। মূল জাত থেকে বাংলাদেশের উপযোগী করে বর্তমান জাত দুটি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তিনি জানান, ইরি উদ্ভাবিত মূল জাত থেকে ভারত ও আফ্রিকার উপযোগী করে নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে সুফল পাওয়া গেছে। ভারতে তা ‘শাহবাগী’ নামে চাষ হচ্ছে এবং বেশ জনপ্রিয় হয়েছে। আগামী দু-তিন বছরের মধ্যে বাংলাদেশেও এই নতুন জাতের ধান কৃষক পর্যায়ে জনপ্রিয়তা পাবে বলেও তিনি আশা করেন। বিশ্বজিৎ কর্মকার ও তমাল লতা আদিত্যসহ ব্রি ও ইরির অন্য বিজ্ঞানীরা এই জাত উদ্ভাবন করেন। প্রথমটির জীবনকাল ১০৫ ও দ্বিতীয়টির ১০০ দিন। এর আগের উদ্ভাবিত জাত ‘বিনা ধান-৭’ এর চেয়ে এই ধান পাঁচ থেকে দশ দিন আগে উঠবে।কখন কীভাবে চাষ হবে: এই জাত দুটি ১০ থেকে ১৫ জুলাই (২৫-৩০ আষাঢ়) বপন করে ২০ দিনের চারা রোপণ করতে হবে। রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব আট ইঞ্চি এবং গোছা থেকে গোছার দূরত্ব ছয় ইঞ্চি হবে। এর জন্য বিঘাপ্রতি ১৮ থেকে ২১ কেজি ইউরিয়া, আট কেজি টিএসপি ও এমওপি, ছয় কেজি জিপসাম ও এক কেজি দস্তা সার প্রয়োগ করতে হবে।বিজ্ঞানীরা বলছেন, সেচসুবিধা নেই বা কম এমন খরাপ্রবণ এলাকায় এই ধানের চাষ করে বিঘাপ্রতি ১২ থেকে ১৪ মণ ফলন পাওয়া সম্ভব হবে। তবে সেচ সুবিধাযুক্ত এলাকায় এর ফলন আরও একটু বেশি হবে। কিছুটা সেচ দিতে পারলে প্রতি বিঘায় ১৫-১৭ মণ ফলন পাওয়া যাবে।চাঁপাইনবাবগঞ্জ জেলার খরাপ্রবণ নাচোল ও গোমস্তাপুর এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকের মাঠে তিন বছর ধরে পরীক্ষামূলক চাষ হয়েছে এই ধানের। গত ২৯ সেপ্টেম্বর এবং ২০ ও ২১ অক্টোবর ব্রি ও ইরির একটি যৌথ দল নতুন এই জাত দুটির মাঠ মূল্যায়ন করে।মাঠ মূল্যায়ন শেষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ইউনুছ আলী বলেন, এ জাত অবমুক্ত হলে আমন মৌসুমে দেশের বৃষ্টিনির্ভর খরাপ্রবণ প্রায় ২০ লাখ হেক্টর জমিতে ধানের উৎপাদন বাড়বে। ব্রির বিজ্ঞানীরা জানিয়েছেন, বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২৩০০ মিলিমিটার (মিমি) হলেও খরাপ্রবণ রাজশাহী অঞ্চলে বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের গড় বৃষ্টিপাত মাত্র ১২০০-১৪০০ মিলিমিটার। দেশে প্রতি বছরই বৃষ্টিপাতের পরিমাণ কমছে, যেমন ২০০৯ সালে এ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ছিল মাত্র ৭৫০ মিলিমিটার। এ প্রতিকূল পরিবেশে ধান উৎপাদন করতে খরা সহনশীল ধানের জাত আবিষ্কার করা জরুরি হয়ে পড়েছিল।