খরায় দুর্গন্ধ বর্ষায় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় গুলশান লেকের সঙ্গে শাহজাদপুর খালের সংযোগ ছিল। তখন এ খাল দিয়েই নৌকা বেয়ে গুলশান-বনানী থেকে শুরু করে একবারে ওই তুরাগ নদী দিয়ে মেঘনা পর্যন্ত যাওয়া যেত।’ শাহজাদপুরের খিলবাড়ির টেকের বর্ষীয়ান বাসিন্দা ছমির উদ্দীন এভাবেই শাহজাদপুর খালের পুরোনো দিনের কথা বলছিলেন। তাঁর স্মৃতিচারণার সঙ্গে বর্তমানের শাহজাদপুর খালের কোনো মিলই খুঁজে পাওয়া গেল না।শাহজাদপুর কালভার্টের কাছাকাছি পৌঁছাতেই নাকে ভেসে এল পচা পানির দুর্গন্ধ। কালভার্টের পাশে বাসের সারিবদ্ধ টিকিট কাউন্টারে বসে থাকা কয়েকজন টিকিট-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, বর্ষার সময় ছাড়া এ খালে সব সময়ই দুর্গন্ধ থাকে। আর বর্ষা মৌসুমে এ খালের দশা সম্পর্কে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খালের পাশের বাড়িগুলোর দেয়ালে পানির দাগ দেখিয়ে বলেন, ‘প্রতিবছরই বর্ষা মৌসুমে প্রতিটি বাড়িতেই পানি ওঠে।’ খালের পানি ঘরের মধ্যে চলে আসার কারণে খালপাড়ের মানুষের মাস দুই-তিনেকের জন্য ঘর ছেড়ে দূরে কোথাও আশ্রয় নিতে হয় বলেও তিনি জানালেন। শাহজাদপুর খালের একপাশে বাড্ডা অন্য পাশে শাহজাদপুর। শাহজাদপুর কালভার্ট থেকে পূর্বদিকে খালটি ১ দশমিক ৯১ কিলোমিটার গিয়ে সুতিভোলা খালের সঙ্গে মিশেছে। কাগজে-কলমে ৩০ ফুট প্রস্থের এ খালটি পূর্বদিকে শাহজাদপুর কালভার্ট হয়ে খিলবাড়িরটেক কালভার্ট পর্যন্ত খালের চেহারা ধরে রেখেছে। খিলবাড়িরটেক কালভার্টের ওপর থেকে সামনে যত দূর চোখ যায় কেবল বিস্তীর্ণ জলাভূমি। আর জলাভূমির দুই পাশে বালু ফেলা হচ্ছে বহুতল ভবন নির্মাণের জন্য। নির্মাণাধীন ভবনের সীমারেখা খালের পেটের মধ্যে পড়েছে কি না তা জানারও কোনো উপায় নেই বলে মন্তব্য করলেন কালভার্টে পাশের এক চায়ের দোকানি। তিনি বলেন, শাহজাদপুর কালভার্ট থেকে খিলবাড়িরটেক পর্যন্ত খালটি অনেক স্পষ্ট। কিন্তু খিলবাড়িরটেক পার হওয়ার পরপরই আর খালের কোনো সীমারেখা চোখে পড়ে না। প্রথম দিকে অর্থাৎ খালের পাড় ধরে হাঁটলে কিছুদূর পরপরই চোখে পড়ে ঢাকা ওয়াসার সীমানার নির্দেশক ফলক। এ রকম সাতটি ফলক চোখে পড়ে খালপাড়ে ভাটারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া রোডে। তবে খালের পাড়ে হাজীপাড়া রোড ঘেঁষে যতই সামনে এগোনো যায়, ততই চোখে পড়ে খালের দুর্দশার চিত্র। খালের দুই পাশে ময়লা-আবর্জনা আর পলিথিনের স্তূপ। কোথাও কোথাও আবার পলিথিনের স্তূপকে ছাপিয়ে চোখে পড়ে কচুরিপানা। খালপাড়ের মুদিদোকানি মো. শহীদ বলেন, ‘খালের পাড়ে দোকানদারি করি আজ প্রায় ১০ বছর। আজ পর্যন্ত কাউরেই দেখলাম না খালডারে পরিষ্কার করতে। গতবার এ সময় (মে-জুন) ওয়াসার লোকজন আইসা খালি খালের পাশের কচুরিপানা-লতাপাতা কাইটা দিয়া গেছে।’খালের দুই পাশে ঢাকা ওয়াসার একাধিক ফলক চোখে পড়ে। সেসব ফলকে আবার বিভিন্ন ধরনের সতর্কবাণী লেখা। খালের মধ্যে সাঁকো, পানির লাইন, মাচা, ঘরবাড়ি, টয়লেট, দোকান, রিকশার গ্যারেজ ইত্যাদি নির্মাণ করা আইনত দণ্ডনীয় উল্লেখ করেই ওয়াসা তার দায়িত্ব শেষ করছে বলে ধারণা করাটা মোটেও অমূলক নয়। কারণ, ওয়াসার এ পিলারের সঙ্গেই রয়েছে বেশ কয়েকটি বাঁশের সাঁকো। কয়েকটি বাঁশের সাঁকো আবার কংক্রিটের খুঁটির ওপর দাঁড়ানো। খুঁটির গোড়ায় আবর্জনা জমে কমে আসছে খালের প্রশস্ততা। খালের দুই পাড়ের প্রতিটি বাড়ির স্যুয়ারেজ লাইনই এসে মিশেছে ওয়াসার এ খালে। খালপাড়ের আধাপাকা বাড়ির কাঁচা পায়খানাগুলো খালের সঙ্গে লাগানো। ফলে মনুষ্যবর্জ্যের ছড়াছড়ি খালের পানিতে। খিলবাড়িরটেক এলাকা এবং ভাটারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অনেক বাড়ির পয়োবর্জ্যও মোটা পাইপের সাহায্যে এসে মিশছে শাহজাদপুর খালে। এ তো গেল তরল দূষণের কথা। এ ছাড়া অনেকে আবার প্রতিদিনের গৃহস্থালির কাজ শেষে মাছের আঁশ, আনারসের খোসা, বাড়ির অব্যবহূত ভাঙাচোরা প্লাস্টিকের টুকরো থেকে শুরু করে পলিথিনে ভরা আবর্জনা নির্দ্বিধায় ছুড়ে দেয় খালের জলে। খালটি এর স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই খাল উপচে পানি উঠে আসে। শাহজাদপুর খালপাড়ে মায়ের দোয়া দোকানের দোকানি বলছিলেন, গত বছর খালের পানি উপচে পড়ায় তাঁর দোকানের প্রায় লাখ টাকার চাল, পেঁয়াজ আর আলু নষ্ট হয়েছিল। এ রকম প্রতিবছর বৃষ্টির দিনে তাঁদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। টানা দু-তিন মাস পানিবন্দী থাকার সময় তাঁদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় ডিঙিনৌকা। খালের শুরুটা খুঁজতে গিয়ে বাধল বিপত্তি। শাহজাদপুর কালভার্টের এক পাশে বেশ বড়সড় করে ওয়াসার সাইনবোর্ডে খালের মালিকানায় লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ খালটি আবার প্রগতি সরণির নিচ দিয়ে কালভার্টের ওপাশে গিয়ে পরিণত হয়েছে দুই ফুটের এক ছোট্ট নালায়। ওই নালাটি মাঠ পেরিয়ে, বহুতল ভবনের গা বেয়ে চলে গেছে গোপীপাড়া। গোপীপাড়ার কাছাকাছি এসে খালটির আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। খালটি তখন বক্স স্যুয়ারেজ লাইনের মধ্য দিয়ে গিয়ে মিশেছে গুলশান লেকে। শাহজাদপুর খালের এ ভোগান্তি সম্পর্কে ভাটারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কফিলউদ্দীন বলেন, এলাকার সব পানি এসে জমে খালে। বর্ষাকালে যে পরিমাণ পানি এ খালে আসে, তা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই অপরিচ্ছন্ন এ খালের দূষিত ময়লা পানি থেকে প্রতিবছরই দুর্গন্ধ ছড়ায় এলাকায়। বর্ষাকালে তো পানি চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু শুকনো মৌসুমে পানি কোথাও যেতে পারে না। ফলে বদ্ধ জলাশয়ের মতো অস্বাস্থ্যকর এ খালটি তখন মশার প্রজননস্থলে পরিণত হয়।শাহজাদপুর খাল সংস্কার সম্পর্কে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে আব্দুল্লাহপুর ও শাহজাদপুর এ দুই খালের উন্নয়নকাজ হাতে নিয়েছে ঢাকা ওয়াসা। ১৫ কোটি টাকার এ কাজ শেষ করতে ওয়াসার ১৮ মাস লাগবে। উন্নয়ন কর্মকাণ্ডের আওতায় খালের সীমানা চিহ্নিতকরণ, খাল খনন ও খালের দুই পাড় বাঁধাই করা হবে বলে তিনি জানান।