খর্বকায় শিশু জীবনভর পিছিয়ে থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুষ্টিজনিত কারণে যেসব শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম, তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। গবেষকেরা বলছেন, খর্বাকৃতির শিশুরা লেখাপড়ায় পিছিয়ে পড়ে এবং নানা রোগে ভোগে। পরবর্তীকালে পেশাগত জীবনে এর নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশ স্বাস্থ্য ও জনমিতি জরিপ, ২০০৭ বলছে, পাঁচ বছরের নিচে দেশের ৪৬ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। এই বিপুলসংখ্যক শিশু পূর্ণ বয়সে দেশের জন্য বোঝা হয়ে উঠতে পারে বলে পুষ্টিবিদদের আশঙ্কা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিশ্ব খাদ্য সংস্থার এক জরিপে দেখা গেছে, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চল ও উপকূলীয় এলাকায় কম উচ্চতার শিশুর সংখ্যা বেশি। জরিপ প্রতিবেদনে বলা হয় যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন অংশে খর্বাকৃতির শিশুর সংখ্যা বেশি। ২০০৪ সালে এই জরিপ করা হয়েছিল।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্বের কয়েকজন শীর্ষস্থানীয় পুষ্টিবিদ প্রাণীর ওপর একটি গবেষণা করেন। তাতে দেখা যায়, খাদ্যাভাব বা অপুষ্টিতে ভোগা প্রাণীর মস্তিষ্কে প্রয়োজনীয় স্নায়ুর সংখ্যা কম। তিনি বলেন, ‘অপুষ্টির শিকার শিশুর বুদ্ধির বিকাশ সুস্থ শিশুর তুলনায় কম হয়ে থাকে। ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকে।এসব তথ্য ও বক্তব্যের সমর্থন মেলে বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটের প্রবন্ধে। অপুষ্টি নিয়ে ২০০৮ সালের ল্যানসেটের বিশেষ সংখ্যায় বলা হয়, দুই বছর বয়সে যেসব শিশুর উচ্চতা কম থাকে, তারা দেরিতে স্কুলে যায়। এদের ১৬ শতাংশ অন্তত একবার পরীক্ষায় অকৃতকার্য হয়। বিজ্ঞানীরা বলছেন, কম উচ্চতার সঙ্গে মেধার বিকাশ ও পরবর্তী জীবনে অর্থ উপার্জনের বিষয় জড়িত। যাদের হাড় দীর্ঘ, তাদের কর্মক্ষমতা বেশি, তাদের মস্তিষ্কও বড়। ল্যানসেটের এই বিশেষ সংখ্যার পরিকল্পনা ও প্রবন্ধ লেখার সঙ্গে তাহমিদ আহমেদ জড়িত ছিলেন। বিজ্ঞানীরা বলছেন, খর্বাকৃতির শিশুরা শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই ক্ষতি ভ্রূণ থেকে শুরু হয় এবং প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। ব্রাজিল, গুয়াতেমালা, ভারত, ফিলিপাইন ও দক্ষিণ আফ্রিকার শিশুদের ওপর জরিপে দেখা গেছে, পাঁচ বছর পর্যন্ত যেসব শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম থাকে, পরিণত বয়সে এদের অধিকাংশ খর্বাকৃতির হয়।কম উচ্চতার শিশু কারা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পাঁচ বছর বয়সী একটি মেয়েশিশুর উচ্চতা হতে হবে ১০৪ দশমিক ৭ সেন্টিমিটার থেকে ১১৪ দশমিক ২৫ সেন্টিমিটার পর্যন্ত। কোনো মেয়েশিশুর উচ্চতা যদি ১০৪ দশমিক ৭ সেন্টিমিটারের নিচে হয়, তাহলে তাকে খর্বাকৃতির শিশু বলা হবে। অন্যদিকে, পাঁচ বছর বয়সী ছেলেশিশুর উচ্চতা ১০৫ দশমিক ৩ সেন্টিমিটার থেকে ১১৪ দশমিক ৬ সেন্টিমিটার পর্যন্ত হলে তাকে স্বাভাবিক উচ্চতার শিশু বলা যাবে। কিন্তু উচ্চতা যদি ১০৫ দশমিক ৩ সেন্টিমিটারের কম হয়, তাহলে শিশুটি খর্বাকৃতির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ছয়টি দেশ ব্রাজিল, ঘানা, ভারত, নরওয়ে, ওমান ও যুক্তরাষ্ট্রের সাড়ে আট হাজার শিশুর ওপর জরিপ করে শিশুদের জন্য আদর্শ উচ্চতার সীমা নির্ধারণ করে।খর্বাকৃতির কারণ: আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বৈজ্ঞানী ড. এস কে রায় বলেন, মায়ের রক্তস্বল্পতা ও অপুষ্টির কারণে বাংলাদেশের ৩৬ শতাংশ শিশু কম ওজন ও উচ্চতা নিয়ে জন্মায়। জন্মের পরও পুষ্টি নিশ্চিত না হলে শিশু খর্বাকৃতির হতে থাকে। শিশু যদি ঘন ঘন সংক্রমণের শিকার হয়, ম্যালেরিয়া বা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়, তাহলেও খর্বাকৃতির হতে পারে।বৈচিত্র্যহীন খাবার দিনের পর দিন খাওয়ার কারণেও শিশু কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারে না। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, বাংলাদেশের স্বল্প আয়ভুক্ত পরিবারের এক লাখ ৬৫ হাজার ১১১ জন ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ওপর ২০১০ সালে জরিপ করে। জরিপের ওপর ভিত্তি করে সেপ্টেম্বরে প্রকাশিত ‘লো ডায়েটারি ডাইভার্সিটি ইজ আ প্রেডিক্টর অব চাইল্ড স্টান্টিং ইন রুরাল বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে গবেষকেরা বলছেন, অপুষ্টি রোধে দারিদ্র্য, রুগ্ণতা, জেন্ডার সমস্যার বাইরেও একটা বড় সমস্যা বৈচিত্র্যহীন খাদ্য। বাংলাদেশের গ্রামাঞ্চলে শিশুরা পরিপূরক খাবার হিসেবে শুধু শস্যজাতীয় খাবার খাচ্ছে। প্রাণিজ আমিষ খাওয়ার পরিমাণ খুবই কম। প্রতিকারের উপায়: জাতিসংঘ শিশু তহবিলের পুষ্টি বিশেষজ্ঞ মো. মহসীন আলী প্রথম আলোকে বলেন, পুষ্টিকর খাবার শিশু পর্যাপ্ত পরিমাণে খেলে খর্বাকৃতির সমস্যা রোধ করা যাবে। জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ এবং ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পরিপূরক খাবার না খাওয়ালে বয়সের তুলনায় শিশুর উচ্চতা কম হওয়ার আশঙ্কা থাকে। তিনি আরো বলেন, খর্বাকৃতি হলো দীর্ঘকালীন অপুষ্টির ফল। ছয় মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ না খাওয়ালে এই বয়স থেকেও শিশু খর্বাকৃতির সমস্যায় পড়তে পারে।