খল চরিত্রে রিয়ান্না
গত মাসে যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে পপগায়িকা ‘রিয়ান্না’ অভিনীত সায়েন্স ফিকশন ছবি ‘ব্যাটেলশিপ’। ছবিতে অস্ত্র-বিশেষজ্ঞ কোরা রেইকস চরিত্রে রিয়ান্নার অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তারই সূত্র ধরে এবারে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ ছবির ষষ্ঠ সিক্যুয়েলে খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী। এই জুন মাসেই যুক্তরাজ্যে ছবিটির শুটিং শুরু হবে। এতে রিয়ান্নার সঙ্গে মার্কিন অভিনেতা ভিন ডিনসেল ছাড়াও অভিনয় করবেন মার্কিন কুস্তিগির ও অভিনেতা ডোয়েন জনসন যিনি দ্য রক নামেই বেশি পরিচিত। অ্যাকশনধর্মী ছবিটির বিভিন্ন দৃশ্যে এঁদের প্রত্যেককেই দেখা যাবে দুরন্ত গতিতে গাড়ি চালাতে। ছবিতে রিয়ান্নার অভিনয় প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, ‘ছবির নির্মাতারা ব্যাটেলশিপে অস্ত্র বিশেষজ্ঞ কোরা রেইকস চরিত্রে রিয়ান্নার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। তাঁদের ধারণা, ছবির এই চরিত্রের জন্য পুরোপুরি মানিয়ে যাবেন তিনি। মারকুটে এই চরিত্রে নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগও তিনি পাবেন। হয়তো ভবিষ্যতে আরও বড় অ্যাকশন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রে এই চরিত্রটিই সিঁড়ি হিসেবে কাজ করবে রিয়ান্নার জন্য।’