খসরু নাছির রাজি নন, সিদ্ধান্ত নেননি নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএনপির নেতারা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিলেও মেয়র পদে প্রার্থী ঠিক করতে পারেননি। গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে দলের কেন্দ্রীয় দুই নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রার্থী না হওয়ার কথা জানিয়েছেন। অপর কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান। দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত নেতারা দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রার্থী হওয়ার প্রস্তাব গ্রহণ করেন। কিন্তু তিনি প্রার্থী হতে চান না বলে বৈঠকে জানান। চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মীর নাছিরও নির্বাচন না করার কথা জানান। কেন্দ্রীয় সহসভাপতি নোমান বৈঠকে যোগ নেননি। শেষ পর্যন্ত বৈঠকে মেয়র প্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খসরু ওই রাতেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করেও তাঁর প্রার্থী না হওয়ার বিষয়টি জানান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এ সময় খসরুর সঙ্গে ছিলেন। চেয়ারপারসনকে তাঁরা সম্ভাব্য মেয়র প্রার্থীর একটি তালিকা দিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের বিষয়টিও তাঁকে জানানো হয়। জানা যায়, বৈঠকে নোমানকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। এর আগে সংবাদমাধ্যমে প্রচার হয় যে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৈঠকে না যাওয়া সম্পর্কে নোমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসনের কার্যালয় থেকে ওই বৈঠকের বিষয়ে আমাকে কিছু বলা হয়নি। এ কারণে বৈঠকের সময় আমি আমার পূর্বনির্ধারিত কর্মসূচিতে ছিলাম। আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, চট্টগ্রামের নির্বাচনের বিষয়ে বৈঠক ডাকা হলে নিশ্চয়ই আমাকে বলা হতো।’ তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমি এখনো সিদ্ধান্ত নিইনি।’নোমান আরও বলেন, ‘আমি কাল (আজ শনিবার) ম্যাডামের সঙ্গে দেখা করে নির্বাচনসংক্রান্ত কিছু তথ্য জানাব।’ সোমবার প্রথম আলোকে ‘নির্বাচন নিয়ে আগে চিন্তা করিনি, এখন করছি’ মর্মে তাঁর দেওয়া বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সেই চিন্তা থেকেই ম্যাডামের সঙ্গে দেখা করছি। আমি প্রার্থী হব বলিনি, কারণ প্রার্থী তো দল দেবে। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা আমাকে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছে। সেটাই আমি চিন্তা করছি।’ আমীর খসরু বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘নোমান সাহেব সম্ভাব্য প্রার্থী বলে আমরা তাঁকে আমন্ত্রণ করি। তিনি তো এলেন না। তাই আমার মনে হয়, উনি মেয়র পদে নির্বাচন করবেন না।’ তিনি গতকাল বলেন, ‘বৃহস্পতিবারের বৈঠকে অনেকে আমাকে প্রার্থী হতে বললেও রাজি হইনি। সম্ভাব্য প্রার্থীর তালিকা আমরা ম্যাডামকে দিয়েছি।’ তবে তালিকায় কাদের নাম রয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।বৈঠক সম্পর্কে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘খসরু ভাই প্রার্থী হলে আমরা সবাই তাঁকে সর্বসম্মত সমর্থন দেব বলে বৈঠকে বলেছি। কিন্তু উনি রাজি হননি। তাই ম্যাডাম এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’জানা যায়, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও মেয়র পদে প্রার্থী হিসেবে খসরুর প্রতি সমর্থন জানান। জানতে চাইলে তিনি বলেন, ‘এর ব্যতিক্রম হলে দলীয় মেয়র প্রার্থীর জিতে আসা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে।’ বৈঠক সূত্র জানায়, খসরু রাজি না হওয়ায় নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নামও মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব আকারে আলোচনা হয়। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর নামও আলোচনায় ওঠে। সূত্র জানায়, মীর নাছির বৈঠকে নিজে মেয়র পদে প্রার্থী না হওয়ার কথা জানান এবং এ পদে দস্তগীর চৌধুরীর নাম প্রস্তাব করেন। মীর নাছির প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচন করলে দলের কিছু লোক কোন্দল করে। তাই আমি মধ্যমসারির নেতা দস্তগীর চৌধুরীর নাম প্রস্তাব করি, যাতে সম্মিলিতভাবে তাঁকে জেতানো যায়।’