খসড়া বেসরকারি সম্প্রচার নীতিমালা নিয়ে আলোচনা ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, খসড়া বেসরকারি সম্প্রচার নীতিমালা নিয়ে গণমাধ্যমের আলোচনা ভিত্তিহীন। আজ রোববার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি স্যাটেলাইট টিভি স্থাপন ও পরিচালনানীতি নামে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। বেসরকারি সম্প্রচার নীতিমালার চূড়ান্ত খসড়া প্রণয়নের আগে আগ্রহী বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করার সুযোগ নেই। খসড়া চূড়ান্ত হলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে এবং জনগণের মতামত গ্রহণ করা হবে। তার আগে এ নিয়ে গণমাধ্যমে বিরূপ আলোচনার ভিত্তি নেই।সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহের অবাধ চলাচল সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয় এমন নীতি প্রণয়নের প্রশ্নই ওঠে না। তবে গণমাধ্যম যাতে ব্যক্তির অধিকার নিশ্চিত করে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ,পারে এ জন্য সম্প্রচার নীতিমালার প্রয়োজন রয়েছে।মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। পরীক্ষামূলকভাবে চলছে পাঁচটি চ্যানেল। পরীক্ষামূলকভাবে সম্প্রচারের অপেক্ষায় রয়েছে দুটি চ্যানেল। মানুষের চাহিদার কথা বিবেচনা করে নতুন বেসরকারি চ্যানেল অনুমোদনের বিষয়টি সরকারের বিবেচনায় আছে।পাহাড়ে খনিজ সম্পদ অনুসন্ধান: বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, সরকার দেশের পাহাড়ি এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধানের পরিকল্পনা করছে। দেশের পাহাড়ি এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য বাপেক্স কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। পরে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোপেক শেংলি লংউডস কনসোর্টিয়াম বাপেক্সের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে পাহাড়ি এলাকায় চারটি ভূগঠনে তেল-গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা গ্রহণ করে।ফরিদুর নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, নোয়াখালীর সুন্দলপুরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র থেকে ২০১২ সালের মার্চ-এপ্রিল নাগাদ গ্যাস উত্তোলন শুরু করা সম্ভব হবে। এখান থেকে প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।