খসড়া সংবিধানে ভুল আছে
খসড়া সংবিধানে এক-আধটু ভুল আছে বলে স্বীকার করেছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তবে সে ভুলের বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’ ও বিসিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।খ্রিষ্টান সম্প্রদায় ও বিরোধী দলগুলোর বিরোধিতা সত্ত্বেও গণভোটে ইসলামপন্থী দলগুলোর সমর্থনে বিতর্কিত খসড়া সংবিধানটি গত মঙ্গলবার চূড়ান্ত হয়। এরপর মুরসি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।মঙ্গলবার রাতে সংবিধান কার্যকর করতে এতে স্বাক্ষর করেন মুরসি। গণভোটে যাঁরা এই খসড়া সংবিধানের বিপক্ষে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরসি বলেন, ‘এটি তাঁদের অধিকার। কেননা মিসর কখনো বিরোধী দলের কর্মকাণ্ডকে হুমকি মনে করে না। আমরা আবার একজনের শাসনে ফিরে যেতে চাই না।’সংবিধানে ভুলের বিষয়টি খোলাসা না করে মুরসি বলেন, ‘এখানে-সেখানে ভুল হয়েছে। আমি এর দায়ভার নিচ্ছি।’কিন্তু বিরোধী দলগুলো বলছে, এই সংবিধান ইসলামি ভাবাদর্শের কাছাকাছি। এখানে নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যথার্থ বিধান রাখা হয়নি। তবে গত বুধবার মুরসি নতুন সংবিধানের প্রশংসা করে একে ‘নতুন গণতন্ত্রের’ উদয় বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করা ‘সময়ের দাবি’ বলে উল্লেখ করেন তিনি। বিরোধী দলগুলোর মুখপাত্র হুসেইন আবদেল গনি বলেন, বাস্তব ও কার্যকর সংলাপে বিরোধী দল অংশ নেবে। সংলাপের জন্য প্রেসিডেন্টের গঠিত প্রহসনমূলক ফোরামকে প্রত্যাখ্যান করা হবে।