খাওয়ার পানি সংকটে উলিপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরের তারা পাম্পগুলো তদারকির অভাবে অকেজো হয়ে গেছে। বন্যার্ত মানুষকে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের জন্য ইউনিসেফ ২০০৭ সালে এসব পাম্পগুলো স্থাপন করে।উপজেলার নদী তীরবর্তী হাতিয়া, বুড়াবুড়ি, বেগমগঞ্জ, সাহেবের আলগা, বজরা, থেতরাই, দলদলিয়া, গুনাইগাছ ও ধরণীবাড়ী ইউনিয়নে ৪৫টি তারা পাম্প স্থাপন করা হয়। এতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়। কিন্তু পাম্পগুলো অকেজো হয়ে পড়ায় বন্যার্ত মানুষ আবারও আর্সেনিকযুক্ত পানি পান করতে বাধ্য হচ্ছে।উপজেলা জনস্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, স্থাপনের পর পাম্পগুলো তদারকি ও মেরামতের জন্য জনস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু তাঁদের উদাসীনতা ও অবহেলায় এগুলো নষ্ট হচ্ছে। হাতিয়া ভবেশ এলাকার বন্যা আশ্রয়কেন্দ্রে স্থাপিত তারা পাম্পটি বাঁধবাসীদের আর্সেনিকমুক্ত খাওয়ার পানির একমাত্র ভরসা। স্থানীয় বাসিন্দা আনোয়ারা (৬৫), আছমা (৩৮), আহাম্মদ আলী (৫৫) জানান, তারা পাম্পটি নষ্ট হওয়ায় তাঁরা নদীর পানিই সংগ্রহ করে ফুটিয়ে পান করেন। চেয়ারম্যান-মেম্বারের কাছে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি।হাতিয়া ভবেশ এলাকায় তারা পাম্পের তত্ত্বাবধায়ক তছলিম উদ্দিন (৫৫) বলেন, ‘অনেক দিন হলো পাম্প নষ্ট হয়েছে। মেরামতের জন্য জনস্বাস্থ্য বিভাগে বারবার যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছি না।’হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক জানান, পাম্পগুলো চালু করতে কুড়িগ্রাম জনস্বাস্থ্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে।উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হাসেন বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।