খাওয়ার পানির সংকটে শেরপুরের শতাধিক গ্রামের মানুষ
ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় খাওয়ার পানির সংকটের মুখে পড়েছে বগুড়ার শেরপুর উপজেলার পূর্ব এলাকার ছয়টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ। গ্রামবাসী জানান, বিগত বছরের চেয়ে এবার এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে। এ কারণে লোকজনকে খাওয়ার পানির জন্য ছুটতে হচ্ছে দূরের গভীর নলকূপের কাছে বা ধানি জমির পানির নালার কাছে।গ্রামবাসী জানান, উপজেলার গাড়ীদহ, খামারকান্দী, খানপুর, মির্জাপুরের পূর্ব এলাকা, সুঘাট ও সীমাবাড়ী ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষকে এই সমস্যায় পড়তে হয়েছে। তিন মাস ধরে চলে আসছে এই পানির সংকট।সরেজমিনে দেখা যায়, ধানি জমির নালার পানি দিয়ে গরু গোসল করানো হচ্ছে, আবার সেই পানিতেই মানুষ সারছে গোসলের কাজ। পাশাপাশি বাড়ির বিভিন্ন কাজে ব্যবহারের জন্যও নেওয়া হচ্ছে এই পানি।পানির সমস্যায় জর্জরিত উপজেলার ভীমজানী পশ্চিমপাড়া গ্রামের আলেয়া বেগম (৫০) জানান, খাওয়ার পানির জন্য বিগত বছরগুলোতে তাঁকে কোনো দিন বাড়ি থেকে দূরে গভীর নলকূপের কাছে ছুটে আসতে হয়নি। কিন্তু জীবন বাঁচাতে এবার তাই করতে হচ্ছে। ভীমজানী হিন্দু গ্রামের স্বপ্না রায়, ভীমজানী পূর্ব গ্রামের লিলি খাতুন ও ভদ্রপাড়া গ্রামের সেলিনা খাতুন জানান, বাড়ির টিউবয়েল থেকে যে পানি তোলা যায় তা অতি সামান্য। এই অল্প পানি দিয়ে বাড়ির দৈনন্দিন কাজ চলে না। এ জন্যই পানির জন্য ছুটতে হয় সেচনালার কাছে। এভাবেই চালিয়ে আসছেন গত তিন মাস।খাগা গ্রামের মন্টু রায়, শুবলীর আবদুল জলিল, ভীমজানী পূর্বপাড়া গ্রামের তাপু প্রাং ও সানোয়ার হোসেন জানান, গ্রামের ধানি জমিতে যখন সেচের জন্য গভীর নলকূপগুলো চালু করা হয়, তখই পানিশূন্য হয়ে পড়ে গ্রামের সব টিউবয়েল। আবার গভীর নলকূপ বন্ধ করার প্রায় দুই ঘণ্টার মধ্যে ওই সব টিউবয়েল থেকে পানি তোলা যায় না। বিগত বছরে কখনোই এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। গ্রামবাসী জানান, খোলা পানি ব্যবহার করায় গ্রামের লোকজনের মধ্যে শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। উপজেলার সাতারা গ্রামের আসলাম হোসেন ও সুঘাটের আবদুর রাজ্জাক জানান, যেসব গ্রামের পাশে গভীর নলকূপ দিয়ে পানি তোলা হচ্ছে, সেসব গ্রামে এই সংকট দেখা দিচ্ছে। অপরদিকে যেসব গ্রামে ধানি জমির ক্ষেতে অগভীর নলকূপ বসিয়ে পানি তোলা হচ্ছে, সেসব গ্রামে খাওয়ার পানির সংকট অত বেশি নয়।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজিজুল হক জানান, উপজেলার পশ্চিম এলাকার চেয়ে পূর্ব এলাকায় পানির স্তর বেশি নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তবে গ্রামে যাঁরা সেচকাজের জন্য তোলা পানি অন্যান্য কাজে ব্যবহার করছেন, তাঁদের ভালো ও পরিষ্কার পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।