খাওয়ার স্যালাইনের দাম বেড়েছে, এখনো জানে না প্রশাসন
সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) এক প্যাকেট খাওয়ার স্যালাইনের খুচরা দাম তিন টাকা ছয় পয়সা। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে পাঁচ টাকায় তা বিক্রি হচ্ছে। ২০ প্যাকেটের এক বাক্সে দাম লেখা আছে ৬১ টাকা ২০ পয়সা। তবে তা বিক্রি হচ্ছে ১০০ টাকায়।খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা বাজারে খাওয়ার স্যালাইনের দাম বেড়েছে ৬৬ শতাংশ, আর পাইকারি বাজারে বেড়েছে ৩৭ শতাংশ। ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় স্যালাইনের চাহিদা বেড়েছে। এ সুযোগে খুচরা ও পাইকারি ব্যবসারীরা বেশি দামে স্যালাইন বিক্রি করছেন। রাজধানীর কিছু এলাকায় স্যালাইন পাওয়াও যাচ্ছে না। তবে এসব ব্যাপারে ওষুধ প্রশাসন অধিদপ্তর কিছু জানে না।এসএমসির বিপণন বিভাগের প্রধান মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, উৎপাদন স্বাভাবিক আছে। সরবরাহে কোনো সমস্যা নেই। তিনি বলেন, বেশি দামে স্যালাইন বিক্রি করা বেআইনি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চাহিদার ৫৮ শতাংশ স্যালাইন সরবরাহ করে এই এসএমসি।গতকাল ও পরশু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসএমসির খাওয়ার স্যালাইন বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। রাজধানীর সবুজবাগ এলাকায় ফাহিম ফার্মেসির মাকসুদুল হাসান বলেন, এই গরমে খাওয়ার স্যালাইনের চাহিদা বেশি। গত বছর এই সময় তিনি প্রতিদিন গড়ে পাঁচ বাক্স (২০ প্যাকেটে এক বাক্স) স্যালাইন বিক্রি করেছিলেন। কিন্তু এ বছর সরবরাহ না থাকায় তিনি দুই বাক্স বিক্রি করছেন। প্রতিদিন মিটফোর্ডের পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনছেন। তিনি বলেন, চার মাস ধরে এসএমসির কোনো গাড়ি এ এলাকায় আসেনি।এদিকে গতকাল শাহবাগ এলাকায় বেশ কয়েকটি ওষুধের দোকানে খাওয়ার স্যালাইন পাওয়া যায়নি। দোকানমালিকেরা জানান, ২০ দিন ধরে এসব দোকানে খাওয়ার স্যালাইন পাওয়া যাচ্ছে না।পপুলার মেডিকেল স্টোরের যোগেশ কর্মকার বলেন, এসএমসির গাড়ি প্রায় ২০ দিন আগে একবার এসেছিল। এসএমসি চাহিদা অনুযায়ী খাওয়ার স্যালাইনও সরবরাহ করছে না।এ ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, দেশের প্রতিটি এলাকায় সব সময় এসএমসির পক্ষে গাড়ি দিয়ে স্যালাইন পৌঁছে দেওয়া সম্ভব হয় না। কিন্তু পাইকারি বাজারে নিয়মিত স্যালাইন পৌঁছে দেওয়া হয়, এখনো হচ্ছে। তিনি বলেন, মিটফোর্ডের পাইকারি বাজার থেকে ওষুধ কেনার সময় দোকানিরা স্যালাইনও কিনতে পারেন, কিন্তু অনেক দোকানি তা কেনেন না।মিটফোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাইকারি ব্যবসায়ী বলেন, কিছুদিন আগেও এক কার্টুন (২০ বাক্স, অর্থাত্ ৪০০ প্যাকেট) স্যালাইনের পাইকারি দাম ছিল এক হাজার ৮০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে এক হাজার ৪৮০ টাকায়। পাইকারি বাজারে দাম বেড়েছে ৩৭ শতাংশ।মিরপুরের কাজীপাড়া এলাকার রায়হান ফার্মেসির হাবিবুর রহমান বলেন, গত সপ্তাহে প্রতিদিন তাঁর দোকানে ৮ থেকে ১০ বাক্স খাওয়ার স্যালাইন বিক্রি হয়েছে। তিনি প্রতি প্যাকেট পাঁচ টাকা দামে বিক্রি করেছেন।মাহবুবুর রহমান বলেন, সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর স্যালাইনের দাম নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দামে বিক্রি করা আইনসম্মত নয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওষুধ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম বারামি বলেন, প্রশাসন জানে না যে বাজারে স্যালাইনের দাম বেড়েছে।