খাগড়াছড়িতে আদিবাসী ছাত্র-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আদিবাসী ছাত্রদের আটটি সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ এবং ২১ শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলার চেঙ্গী স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটটি ছাত্র সংগঠন যৌথভাবে আদিবাসী বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বৈষম্যমূলক বক্তব্য প্রত্যাহার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের জাতিগত পরিচয় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার প্রতিবাদে এবং পার্বত্য শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল করার জন্য তারা বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ গেটে জড়ো হতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্র সংগঠনের সদস্যরা মিছিল শুরু করে। পুলিশ শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় মিছিলটি আটকে দেয়। এ সময় আদিবাসী ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে রাখে এবং তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা পিছু হটে খাগড়াছড়ি গেটসংলগ্ন সরকারি কলেজের গেটে অবস্থান নেয় এবং ওই এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ধাওয়া করলে তারা খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে আশ্রয় নেয়। পুলিশ দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়।আট সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সংঘর্ষে তাদের অন্তত ২১ জন সদস্য আহত হয়েছে। সংগঠনগুলো হলো—ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, তঞ্চঙ্গ্যা ছাত্র কল্যাণ সংস্থা, ম্রো স্টুডেন্টস কাউন্সিল, খ্যাং স্টুডেন্টস কাউন্সিল, চাকমা স্টুডেন্টস কাউন্সিল, বাংলাদেশ বম স্টুডেন্টস কাউন্সিল ও খুমী স্টুডেন্টস কাউন্সিল।জেলার পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বলেন, এই আট সংগঠন পূর্ব অনুমতি না নিয়েই মিছিল করছিল। তাই বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।