খাগড়াছড়ি শহরে দিনভর হামলা-ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার পর রাতে কারফিউ জারি করা হয়েছে। এর আগে বিকেলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেও পরিস্থিতি শান্ত করতে পারেনি। বিকেলে শহরের শালবন আদর্শপাড়া এলাকায় আদিবাসী-বাঙালি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি পৌরসভার কর্মচারী। তাঁর মাথায় আঘাত ও অগ্নিদগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। গতকালের ঘটনায় খাগড়াছড়িতে ১৯ এবং রাঙামাটিতে সাতজন আহত হওয়ার খবর জানা গেছে। এদের হাসপাতালে ভর্তি করা হয়।বাঘাইহাটের সহিংস ঘটনার প্রতিবাদে ডাকা অবরোধ চলাকালে গতকাল এ ঘটনা ঘটে। অপর পার্বত্য জেলা রাঙামাটিতে অবরোধ পালন করা হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কাউখালীতে পাল্টাপাল্টি হামলায় সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকালের অবরোধ ডাকে ইউপিডিএফ। এদিকে একই ঘটনায় কাল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় অবরোধ ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।প্রাথমিক তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি শহরে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া আদিবাসীদের ঘরবাড়িগুলোর মধ্যে রয়েছে মহাজন পাড়ায় ১২টি, মধুপুরে চারটি, সরকারি উচ্চবিদ্যালয় এলাকায় তিনটি, শান্তিনিকেতন কলেজপাড়ায় একটি, সাতভেইয়্যে পাড়ায় ২৫টি। এ ছাড়া শান্তিনিকেতন কলেজপাড়ায় বাঙালিদের সাতটি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।খাগড়াছড়িতে সংঘর্ষ, অগ্নিসংযোগ, লুটপাট: প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ আহ্বানকারী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে চেঙ্গী স্কয়ারের দিক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে শাপলা চত্বরে জড়ো হয়।ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা অভিযোগ করেন, তাঁদের কর্মীরা মিছিলসহ আদালত সড়ক দিয়ে যাওয়ার সময় ভাঙা সেতুর কাছে বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা উসকানিমূলক স্লোগান দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে অবরোধকারীরা পানখাইয়া পাড়ার দিকে যান। সেখান থেকে ফিরে আসার সময় দুপুর ১২টার দিকে শাপলা চত্বরে আবারও বাঙালি ছাত্র পরিষদের কর্মীদের সঙ্গে ইউপিডিএফ কর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে ইউপিডিএফ কর্মীরা পিছু হটে মহাজন পাড়ার দিকে চলে যায়। সংঘর্ষের ঘটনার চিত্র ধারণ করতে গেলে বাঙালি ছাত্ররা ঢাকা থেকে আসা এনটিভি ও বাংলা ভিশনের কয়েকজন সংবাদকর্মীর ওপর হামলা করেন। এতে এনটিভির প্রতিবেদক তালাত মামুন আহত হন।এর কিছুক্ষণ পর খাগড়াছড়ি বাজার থেকে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মী ও দোকানিরা মহাজন পাড়ায় গিয়ে আদিবাসীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেন এবং আদিবাসীদের মালিকানাধীন কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় চ্যানেল আইয়ের দিলীপ চৌধুরী ও দেশটিভির মংসাপ্রু মারমাকে লুটপাটের চিত্র ধারণ করতে দেখে বাঙালিরা ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং এই দুই সাংবাদিককে মারধর করে। প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালানোর পর বাঙালিরা বাজারে ফিরে আসার সময় সেতুর পাশের জিরান হোটেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে হোটেলের নিচে থাকা একটি এনজিওর অ্যাম্বুলেন্সও পুড়ে যায়। একই সময় শহরের মধুপুর, সরকারি উচ্চবিদ্যালয়ের কাছাকাছি এলাকা ও কলেজপাড়ায় বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানান, দুপুর আড়াইটার দিকে সাতটি পিকআপ ভ্যান ও একটি জিপে করে সেনাবাহিনীর কিছু সদস্য শাপলা চত্বরে আসেন। এর কিছুক্ষণ পর সেনা ও পুলিশ সদস্যরা শহরে ১৪৪ ধারা জারি করার খবর হাতমাইকে প্রচার করেন। অভিযোগ পাওয়া গেছে, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা মহাজন পাড়ার দিকে যেতে চাইলে বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের বাধা দেওয়া হয়।১৪৪ ধারা জারির পরও বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতভেইয়্যে পাড়ায় আদিবাসীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শালবন গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী মধুপুর এলাকায় ব্যাপক লুটপাট চালানো হয়। সার্বিক বিষয়ে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কাউখালীতে পাল্টাপাল্টি হামলা: প্রত্যক্ষদর্শী ও কাউখালী থানার পুুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশে আসা যাত্রীবাহী একটি বাস সকাল সাড়ে সাতটার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীর বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় আটকে দেয় অবরোধকারীরা। বাসের যাত্রী রাঙামাটি জেলার সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেন (৩৮) জানান, সন্ত্রাসীরা গুলি ছুড়লে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।তবে ইউপিডিএফ গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে। ইউপিডিএফের কাউখালীর নেতা চরণ সিং তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, বেতবুনিয়া ইউনিয়ন যুবলীগের কর্মীরা তাঁদের শান্তিপূর্ণ অবরোধে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের রডের আঘাতে তাদের কর্মী মংলাচিং মারমা (২৫) ও ক্যউনুমং মারমা (২৬) গুরুতর আহত হন। চরণ সিং জানান, গ্রেপ্তার এড়াতে আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হচ্ছে। ইউপিডিএফের কর্মীরা ছয়টি যানবাহন ভাঙচুর করে বলেও স্বীকার করেন চরণ সিং।কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামশুদ্দোহা চৌধুরী হামলার ঘটনা অস্বীকার করে বলেন, স্থানীয় লোকজনই সন্ত্রাসীদের তাড়া করেছে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলমপতি ইউনিয়নের ছোটডলু এলাকায় অবরোধকারীরা একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় স্থানীয় বাঙালিরা ধাওয়া করে ইউপিডিএফ কর্মী শিমুল চাকমাকে (১৭) আটক করে পুুলিশে দেয়। খবর পেয়ে কাউখালী উপজেলার ইউএনও আবু দাউদ মো. গোলাম মোস্তফা ও থানার ওসি শ্যামল বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বাঘাইহাটে আবারও আগুন: রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট এলাকায় আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে তিনটার দিকে এমএসএফ পাড়ায় একটি বেসরকারি সংগঠনের কার্যালয়ে কে বা কারা আগুন দিলে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া সোমবার রাতে হাজাছড়া এলাকায় চারটি বাঙালি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন চাকমা ও বাঘাইহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মানববন্ধন: বাঘাইহাটের সহিংস ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশীল সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বেলা পৌনে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা মানববন্ধন শেষে জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানানো হয়। এতে আরও বলা হয়, ওই সহিংস ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সঙ্গে অবিলম্বে পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নসহ আশ্রয়হীন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাত্ক্ষণিক ভরণ-পোষণ, আশ্রয়দান, পুনর্বাসনসহ জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।দেবাশীষ রায়ের ব্যাখ্যা: গতকাল প্রথম আলোয় ‘বাঘাইহাটে বারবার সহিংসতা কেন’ শিরোনামে প্রকাশিত সংবাদের এক অংশের ব্যাখ্যা দিয়েছেন চাকমা রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, ‘সহিংস ঘটনায় আদিবাসী-বাঙালি যে-ই দোষী হোক না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে যে বক্তব্য ছাপা হয়েছে তা আমার নয়। আমি কারও শাস্তি দাবি করিনি।’সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-গঙ্গারামমুখ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে খয়রাতি সাহায্য (জিআর) হিসেবে ১০০ টন চাল, নগদ পাঁচ লাখ টাকা ও ৫০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ করা হয়েছে।{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক রাঙামাটি, খাগড়াছড়ি প্রতিনিধি ও কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি}