খাগড়াছড়ি থমথমে, আবার কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গতকাল বুধবার সারা দিন থমথমে অবস্থা বিরাজ করে। ১৪৪ ধারা বলবত্ রয়েছে। পাশাপাশি গতকাল আবারও রাত ১০টা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কারফিউ জারির পর সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ৭০ জনকে আটক করে।মঙ্গলবারের সহিংস ঘটনায় একজন নিহত, ২২ জন আহত ও ৯২টি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ নিশ্চিত করেছেন।এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের সহিংস ঘটনার প্রতিবাদে বাঙালিদের সংগঠন পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ আজ বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নদীপথ অবরোধের ডাক দিয়েছে। খাগড়াছড়ি: গতকাল খাগড়াছড়ি শহর অনেকটা শান্ত থাকলেও সর্বত্র ছিল আতঙ্ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল। শহরে সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলেনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল বেলা তিনটার দিকে খাগড়াছড়ি সফর করেন এবং স্থানীয় প্রশাসন, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। বাঘাইহাট ও খাগড়াছড়ির সহিংস ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে আদিবাসী-বাঙালি পাল্টাপাল্টি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং আনোয়ার হোসেনের লাশ দেখতে সদর হাসপাতালে যান।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার সার্বিক উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের কার্যক্রমও এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু স্বার্থান্বেষী মহল পার্বত্য চুক্তিকে নস্যাত্ করার পাঁয়তারা শুরু করেছে। ওই মহল আদিবাসী-বাঙালি শান্তি বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাঘাইছড়ি পরিদর্শন করে এসেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। আমার প্রশ্ন, অসহায় মানুষের ঘরবাড়ি কেন পোড়ানো হলো। কেন রক্ষা হলো না তাদের সহায়-সম্পদ। এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করতে হবে।’ প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য, ঘরনির্মাণ বাবদ দুই লাখ টাকা ও ২০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের ঘোষণা দেন।বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা-বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় আদিবাসী ও বাঙালি নেতারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ রাখা ও রাত ১০টা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারির প্রস্তাব করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে সভায় পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির জাফরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আদিবাসী-বাঙালি নেতারা উপস্থিত ছিলেন।শহর এলাকার আদিবাসীরা আবারও সহিংসতার আশঙ্কায় নারী, শিশু ও বৃদ্ধদের শহরের বাইরে পাঠাচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের নারকেল বাগান এলাকার এক আদিবাসী বলেন, ‘আমরা খুবই আতঙ্কে আছি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে কোনো আশ্বাস পাচ্ছি না। ফলে পরিবারের নারী-শিশুদের অন্যত্র পাঠাতে হচ্ছে।’ সড়ক-নৌপথ অবরোধ: বাঘাইহাটে সহিংস ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ আজ তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ডেকেছে। সংগঠনটির পক্ষ থেকে গতকাল বিকেলে রাঙামাটি শহরে মিছিল করার কথা থাকলেও জেলা প্রশাসনের অনুরোধে তা বাতিল করা হয় বলে জানানো হয়েছে।ইউপিডিএফের কর্মসূচি: পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বাঘাইহাটের সহিংস ঘটনার প্রতিবাদে আজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছে। সংগঠনটি গতকাল ধর্মীয় প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় মোমবাতি জ্বালানোর কর্মসূচি পালন করে।বাঘাইহাটে আতঙ্ক: শনিবারের সহিংস ঘটনার পর বাঘাইহাটে থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্ক কাটেনি। এ অবস্থায় গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘাইহাট পরিদর্শনে গেলে আদিবাসী লোকজন তাদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে।শুক্রবার রাত ও শনিবার দিনব্যাপী আদািবাসী-বাঙালি সংঘর্ষে তিন শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আদিবাসীদের দাবি, এ ঘটনায় ছয় আদিবাসী নিহত ও সাতজন আহত হয়েছেন। তবে গতকাল পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।