খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং এলাকায় আদিবাসী গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে গতকাল সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকালের দিকে ইউপিডিএফের কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। দুপুরে মাটিরাঙ্গা-খাগড়াছড়ি সড়কে পিকেটাররা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। মাটিরাঙ্গা উপজেলার যৌথ খামার এলাকা থেকে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা সুশান্ত ত্রিপুরাকে পুলিশ আটক করে। পুলিশ জানায়, সুশান্ত ত্রিপুরার কাছে পেট্রলের বোতল পাওয়া গেছে। এ ছাড়া রামগড় উপজেলার তৈচাকমা এলাকায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হলে এলাকার আশপাশের বাঙালিরা উত্তেজিত হয়ে তৈচাকমা এলাকার দুটি ও বেলছড়ি এলাকায় একটি আদিবাসী মালিকানাধীন দোকান ভাঙচুর করে। এর বাইরে জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়ক অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। তাইন্দংয়ের ঘটনায় মামলা, আটক ৪: তাইন্দং এলাকার চার আদিবাসী গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ক্ষতিগ্রস্ত বগাপাড়ার অনিল বরন চাকমা ৩০ জনের নাম উল্লেখ করে ১৭৫ জনের বিরুদ্ধে গতকাল বেলা তিনটায় মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানান, চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কথিত অপহূত মোটরসাইকেল চালক কামাল হোসেনও রয়েছেন। অন্য তিনজন হলেন আবেদ আলী মেম্বার, আবু হানিফ মেম্বার ও কামরুজ্জামান।