খাগড়াছড়িতে বিডিআর বিদ্রোহের মামলায় রামগড় ১১ ব্যাটালিয়নের ৬৯ জন জওয়ানের বিচারে আজ বুধবার স্থানীয় দুই বেসামরিক ব্যক্তিসহ মোট চারজন সাক্ষ্য দিয়েছেন। সকাল সাড়ে নয়টায় বিজিবির খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে বিচারকাজ শুরু হয়। মাঝে দুইবার বিরতি দিয়ে বেলা সোয়া দুইটায় আদালত কাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।আদালতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক।আজকের চারজন সাক্ষী হলেন ব্যাটালিয়ন-সংলগ্ন গ্রামের বাসিন্দা শওকত হোসেন ও বাবুল মিয়া, বিজিবির সুবেদার মেজর ফজলুর রহমান ও হাবিলদার রেজাউল করিম। এ নিয়ে দুই দিনে এই মামলায় মোট নয়জন সাক্ষী সাক্ষ্য দিলেন।উল্লেখ্য, রামগড় ১১ ব্যাটালিয়নের ৬৯ জন জওয়ানের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ব্যাটালিয়ন সদর দপ্তর ও পাঁচটি বিওপিতে বিদ্রোহ সংঘটনের অভিযোগ আনা হয়। ৬৯ জন আসামির মধ্যে এরই মধ্যে পাঁচজন নিজেদের দোষ স্বীকার করেছেন।