খাগড়াছড়িতে আদিবাসী বাঙালি পাল্টাপাল্টি হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরে গত শনিবার রাতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। হামলায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। গাড়িতে যাত্রী ওঠানো নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। পরে বিষয়টির মীমাংসা হলেও হামলার গুজব ছড়িয়ে পড়লে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারজনকে আটক করেছে।প্রকৃত ঘটনা জানতে গতকাল রোববার জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালউদ্দিন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাকসুদ আহমেদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান, পার্বত্য যানবাহন সমিতির সহসভাপতি চুঞ্চুমণি চাকমা, অটোরিকশা চালক সমিতির সহভাপতি বুলু চাকমা, খাগড়াছড়ি যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম কিশোর ত্রিপুরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।পরিবহন নেতা চুঞ্চুমণি চাকমা ও মাহবুবুল আলম জানান, গত শুক্রবার আদিবাসী নেতৃত্বাধীন পার্বত্য যানবাহন সমিতির একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ে চালক নিকসন চাকমা পানছড়ি উপজেলা সদর থেকে খাগড়াছড়ি শহরের উদ্দেশে রওনা দেন। এর আগে বাঙালি নেতৃত্বাধীন খাগড়াছড়ি যানবাহন শ্রমিক ইউনিয়নের সদস্য দিলীপ দে একই স্থান থেকে একটি হুডখোলা জিপ (চান্দের গাড়ি) নিয়ে ওই পথে রওনা দিয়ে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের তাঁর গাড়িতে তোলেন।এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিকসন চাকমা শনিবার রাত সাড়ে আটটার দিকে শহরের পানখাইয়াপাড়া সড়কে দিলীপের ওপর চড়াও হন। এর পরপরই উভয় পক্ষের লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু শহরের চেঙ্গী স্কয়ার, কলেজ গেট এলাকাসহ বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে যে আদিবাসীরা পানখাইয়াপাড়া এলাকায় বাঙালিদের ওপর হামলা করেছে। মুঠোফোনে এমন খবর পেয়ে বাঙালিরা উত্তেজিত হয়ে ওঠে। চেঙ্গী স্কয়ার এলাকার একটি রেস্তোরাঁয় যানবাহন সমিতির সুবল চাকমাকে (২০) পেয়ে একদল বাঙালি তাঁকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর পরই কলেজ গেট এলাকায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী কালাচাঁদ মগকে (৪০) মারধর করে তাঁর মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর আদিবাসীরা চেঙ্গী স্কয়ারে গিয়ে বাঙালিদের ধাওয়া করে। এ সময় ট্রাক্টরচালক ওয়াহাব (৩৫) বেদম মারধরের শিকার হন। কালাচাঁদ মগ ও ওয়াহাব খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিত্সাধীন। এভাবে শহরের বিভিন্ন স্থানে রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি হামলা হয়। হামলায় আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিয়েছে।জানা যায়, বৈঠকে পরিবহন নেতারা বলেন, পার্বত্য যানবাহন সমিতির সঙ্গে শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ সাম্প্রদায়িক অপপ্রচারের সুযোগ পেয়েছে। উভয় সংগঠনের পক্ষে আহত ব্যক্তিদের চিকিত্সার ব্যয় বহন, আটকদের দুই সংগঠনের জিম্মায় থানা থেকে নিয়ে আসার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়।কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা সুবীর দত্ত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অটোরিকশাচালক সুমন চাকমা (২০), মিনিবাসচালক নিকসন চাকমা, জিপচালক দীলিপ দে ও হকার উজ্জ্বল রঞ্জনকে আটক করা হয়েছে।দাঁতকুপ্যা এলাকায় উত্তেজনা: খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের দাঁতকুপ্যা গ্রামে গত শনিবার এক বাঙালির ঘর তৈরি নিয়ে উত্তেজনা তৈরি হয়।দাঁতকুপ্যা গ্রামের বাসিন্দা পূর্ণ জীবন চাকমা জানান, শনিবার বেলা ১১টার দিকে মো. আইনাল (৪৫) গ্রামের ধনগুলো চাকমা ও তাঁর ভাইয়ের বাড়ির মাঝামাঝি স্থানে ঘর তোলেন। গ্রামের আদিবাসীরা স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে এ বিষয়ে কোনো সমাধান না পেয়ে ঘরটি ভেঙে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর জাফর বলেন, দাঁতকুপ্যা এলাকায় একজন বাঙালির ঘর তৈরি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।