খাগড়াছড়িতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পাবলাখালী খালের পাড় থেকে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। পুলিশ তাত্ক্ষণিকভাবে লাশের পরিচয় জানাতে পারেনি। তবে এলাকাবাসী জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবক এ উপজেলার বাবুছড়া এলাকার সুমন্ত চাকমা।সন্তু লারমা-সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে নিহত ব্যক্তি তাঁদের কর্মী কি না তা খতিয়ে দেখতে হবে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা ঘটনাটি শুনলেও এ সম্পর্কে বিস্তারিত জানেন না বলে জানান।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘এটি রাজনৈতিক খুনের ঘটনা হতে পারে। সম্ভবত, গতকাল বুধবার রাতে এটি সংঘটিত হয়েছে।’