খাগড়াছড়িতে নির্বাচনী সহিংসতা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আবু কালামের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে উপজেলার তবলছড়ি ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেলে ওই সহিংসতায় আরও তিনজন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদেরের সমর্থনে গণসংযোগ করতে তাঁর সমর্থকেরা গতকাল বিকেলে শুকনাছড়ি তিন নম্বর এলাকায় যায়। এ সময় তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থক প্রার্থী আবুল কাশেম ভূঁইয়ার সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এতে আবদুল কাদেরের সমর্থক খলিল মেকারের ছেলে আবুল কালাম, লাতু মিয়ার ছেলে সাহাব উদ্দিন, আলী আকবরের ছেলে আবুল কালাম ও খলিলুর রহমানের ছেলে আবু কালাম আহত হন। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে আবু কালামের অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়।খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মল চৌধুরী এবং মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নির্বাচনী সহিংসতায় আবু কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।