খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরের ৪২ জন অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে পরবর্তী শুনানি হবে আগামী ২২ ফেব্রুয়ারি। খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ আসামিদের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।আজ সকাল নয়টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বিশেষ আদালত-১৫-তে এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুন নূর ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন।আজ আদালতে বিচারকাজের শুরুতেই কর্নেল জাহেদুর রহমান আসামিদের কোনো অসুবিধা হচ্ছে কি না জানতে চান। এ সময় কয়েকজন আসামি তাঁদের সমস্যার কথা জানান।এর পরিপ্রেক্ষিতে আদালতের সভাপতি প্রসিকিউটর মেজর মোহাম্মদ জাভেদ হাসানকে আসামিদের সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তী কার্যদিবসে আদালতকে এ ব্যাপারে অবহিত করার আদেশ দেন।পরে প্রসিকিউটর তাঁর বক্তব্যে সে দিনের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন।