খাগড়াছড়িতে বনাঞ্চল সম্প্রসারণের উদ্যোগ, উদ্বেগে আদিবাসীরা
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছয়টি মৌজায় সংরক্ষিত বনাঞ্চল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। প্রায় ১২ হাজার ৮৪৯ একর জায়গা এর আওতায় আনা হবে। এরই মধ্যে রাঙামাটি অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (জুম নিয়ন্ত্রণ) গত ১০ অক্টোবর সরেজমিনে ওই জায়গা বুঝিয়ে দিতে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন। তবে বনাঞ্চল সম্প্রসারণ করা হলে উদ্বাস্তু হতে পারেন অনেক আদিবাসী।গত ২৪ নভেম্বর ছয়জন হেডম্যান ও ৩২ জন কার্বারি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এতে তাঁরা অবিলম্বে বনাঞ্চল সম্প্রসারণের উদ্যোগ বাতিলের দাবি জানান। এতে বলা হয়, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধে ক্ষতিগ্রস্ত ও ভারত প্রত্যাগত প্রায় ৪০ হাজার আদিবাসীকে এই জায়গায় পুনর্বাসন করা হয়েছে। তা ছাড়া আবাদযোগ্য ভূমিও রয়েছে। ফলে বনাঞ্চল সম্প্রসারণের উদ্যোগে পাহাড়ে নতুন করে মানবিক বিপর্যয় ও পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে।খাগড়াছড়ি জেলা প্রশাসক আনিসুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চল সম্প্রসারণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে পাহাড়ি নেতাদের আপত্তির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বনাঞ্চলের সীমানা সম্প্রসারণ করা হলে সেখানকার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসন করতে হবে। এসব কাজ শেষ করেই ভূমি অধিগ্রহণ করা হবে।’বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চল সম্প্রসারণের জন্য ২৮ নম্বর রেংকায্যা মৌজায় চার হাজার ৬০০ একর, ২৯ নম্বর ছোট মেরুং মৌজায় এক হাজার ৭৫০, ৩০ নম্বর বড় মেরুং মৌজায় তিন হাজার ৯৯৯, ৫৪ নম্বর তারাবন্যা মৌজায় ৫০০, ৫৫ নম্বর হাজাছড়া মৌজায় এক হাজার ৪০০ ও ৫৬ নম্বর বড় হাজাছড়া মৌজায় ৬০০ একর জায়গা অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।পার্বত্য চট্টগ্রামের বন সংরক্ষক (সিএফ) শফিউল আলম চৌধুরী বলেন, সংরক্ষিত বনাঞ্চল বাড়াতে ঝামেলা হচ্ছে। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে যেসব এলাকায় বনাঞ্চল সম্প্রসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে, সেখানে গাছ বড় হয়ে গেছে। তাই এসব এলাকাকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার উদ্যোগ নেওয়া হয়। বন সংরক্ষক শফিউল বলেন, সংরক্ষিত বনাঞ্চলে গাছ পরিণত হলে তার মালিক হবে বন বিভাগ।বন সংরক্ষক বলেন, বন বিভাগ পার্বত্য চট্টগ্রামের দক্ষিণে প্রতিবছর ১০০ হেক্টর জমিতে বনায়ন করে। কিন্তু পাহাড়ি নেতাদের কারণে উত্তরাংশে সম্ভব হচ্ছে না। কবে নাগাদ এসব জায়গা অধিগ্রহণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘জেলা প্রশাসক কাজ শুরু করেছেন। তিনি জমি বুঝিয়ে দিলে আমরা বুঝে নেব।’খাগড়াছড়ির হেডম্যানদের অভিযোগ, বন বিভাগ তাঁদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সংরক্ষিত বনাঞ্চলের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। অথচ নিয়ম অনুযায়ী ভূমি অধিগ্রহণ করতে হলে জেলা প্রশাসককে প্রথমেই হেডম্যানদের সঙ্গে কথা বলতে হয়। হেডম্যানের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রশাসক পরবর্তী পদক্ষেপ নেবেন।৫৬ নম্বর বড় হাজাছড়া মৌজার হেডম্যান দীপংকর দেওয়ান বলেন, এখানে কোনো সংরক্ষিত বনাঞ্চল করতে হবে না। এটি পাহাড়িদের তাড়িয়ে বিস্তীর্ণ পাহাড়ে নতুন করে বাঙালিদের পুনর্বাসনের ষড়যন্ত্র।বিভাগীয় বন কর্মকর্তা (জুম নিয়ন্ত্রণ) এ বি এম আবদুল বারেক বলেন, হেডম্যানদের জানিয়ে ভূমি অধিগ্রহণের সুযোগ নেই। তারা জনপ্রশাসনের অংশ নয়। এটা জেলা প্রশাসকের কাজ।বনাঞ্চল সম্প্রসারণের উদ্যোগে এলাকার আদিবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দীঘিনালা উপজেলার প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে রেংকাইজ্যা মৌজায় বাস করেন সোসাইটি প্রিয় চাকমা। বনাঞ্চলের সীমানা বাড়ানো হলে তাঁর বাড়িসহ ১৫ একর জায়গা বনাঞ্চলে চলে যাবে। তিনি বলেন, ২০-৩০ বছর ধরে ভিটেমাটিতে তিনি সেগুন, গামারিসহ অনেক গাছ লাগিয়েছেন। এখন সেগুলো কাটার উপযোগী হয়েছে। কিন্তু বন বিভাগ এগুলো কাটার অনুমতি দিচ্ছে না।