খাগড়াছড়িতে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত এক ব্যক্তি আজ বৃহস্পতিবার মারা গেছেন। গতকাল বুধবার গভীর রাতে মুখোশধারী সন্ত্রাসীরা ওই ব্যক্তির ওপর হামলা চালায়। আজ সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত ওই ব্যক্তির নাম সোনা মিয়া (৪০)। প্রতিবেশী ও নিহতের স্ত্রী বলেন, খাগড়াছড়ি সদরের ধর্মঘর এলাকার মহাশ্মশানের পার্শ্ববর্তী স্থানে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী সোনা মিয়াকে গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলে। তারা তাঁকে বাড়ির বাইরে আসার অনুরোধ করে। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় সোনা মিয়ার স্ত্রীর আর্তচিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে পুলিশ ভোর রাতে গুরুতর আহত সোনা মিয়াকে হাসপাতালে নিয়ে যায়।খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, পুলিশ আহত ওই ব্যক্তিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের স্ত্রী খাগড়াছড়ি থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের দায়ী করে হত্যা মামলা করেছেন।