খাগড়াছড়িতে রাতভর অভিযানে আটক ৬০
খাগড়াছড়িতে গতকাল মঙ্গলবারের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির জাফর জানান, খাগড়াছড়ির শালবন, খগনপুড়িয়াসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আদিবাসী ও বাঙালি উভয়েই রয়েছে। রাস্তায় এখনো সেনা ও পুলিশের টহল চলছে। আটককৃতদের সংখ্যা আরও বাড়তে পারে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সকাল সাতটায় পৌরশহর ও আশপাশের এলাকা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে ১৪৪ ধারা এখনো বহাল আছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন থমথমে। রাস্তাঘাটে কোনো যানবাহন এমনকি রিকশাও চলাচল করছে না। মাধ্যমিক পরীক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে পায়ে হেঁটে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে। উল্লেখ্য, গতকাল খাগড়াছড়ি শহরে দিনভর হামলা, ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের পর রাত নয়টা থেকে আজ সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই ঘটনায় আদিবাসী ও বাঙালিদের সংঘর্ষে খাগড়াছড়িতে একজন নিহত ও ১৯ জন আহত এবং রাঙামাটিতে সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এদিকে আমাদের কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি জানান, কাউখালীতে আদিবাসী-বাঙালি উত্তেজনা নিরসনে উপজেলা প্রশাসন বিশেষ আইনশৃঙ্খলা সভা ডেকেছে। আজ বেলা তিনটায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা।সভায় উপজেলার গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতা, আদিবাসী-বাঙালি দলগুলোর নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আদিবাসীদের হেডম্যান (মৌজাপ্রধান) ও কারবারিরা (পাড়াপ্রধান) উপস্থিত থাকবেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান অংচাপ্রু মারমা প্রথম আলোকে বলেন, ‘কাউখালীতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এর ফলে আদিবাসী-বাঙালিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ কারণে আজকে জরুরিভাবে আইনশৃঙ্খলা সভা ডেকেছি।’