খাগড়াছড়িতে র‌্যাবের অভিযানে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি গ্রামে গতকাল শুক্রবার সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাবের ভাষ্যমতে, ঘটনাস্থল থেকে লক্ষ্মীরঞ্জন চাকমা (১৮) নামের এক সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে একটি একে-৪৭ রাইফেলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৫২টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিহত ব্যক্তির লাশ শনাক্ত করেছে তাঁর পরিবার ও এক জনপ্রতিনিধি। তাঁদের দাবি, নিহত সুমতি চাকমার (৫৫) বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাসছড়ি ইউনিয়নের পশ্চিম কায়াং ঘাট গ্রামে। সুমতি কৃষিকাজ করেন, সন্ত্রাসী নন। বড় ছেলের পরীক্ষার ফরম পূরণের টাকা জোগাড় করার জন্য তিনি জুর্গাছড়িতে আত্মীয়ের কাছে গিয়েছিলেন।পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষের সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাও একই কথা বলেছেন। তবে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অভিযোগ, নিহত ও গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি জেএসএসের সদস্য। র‌্যাবের অভিযানের পর গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় র‌্যাব-৭-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার হওয়া লক্ষ্মীরঞ্জনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুলফিকার আলী মজুমদার প্রথম আলোকে বলেন, লক্ষ্মীছড়ির জুর্গাছড়ির পাহাড়ে একটি সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যরা অবস্থান করছিল। এ খবর পেয়ে তাঁর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল ভোর চারটার দিকে সেখানে অভিযান চালান। টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে অজ্ঞাত পরিচয়ের এক সন্ত্রাসী নিহত হন। পালিয়ে যায় অন্তত আরও ১০-১২ জন সন্ত্রাসী। পরে আস্তানা থেকে বিপুল অস্ত্রশস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে: একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, দুটি পিস্তল, বিভিন্ন অস্ত্রের ৫২টি গুলি, একে-৪৭ রাইফেলের একটি ম্যাগাজিন, পার্বত্য চুক্তির পক্ষের সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) প্যাড, বই, পাহাড়িদের সংগ্রামবিষয়ক বিভিন্ন বই, ডায়েরি, চাঁদা আদায়ের রসিদ, জলপাই রঙের পোশাক, বিদ্যুৎব্যবস্থার জন্য ব্যবহূত সোলার চার্জার, ১২ ভোল্ট ব্যাটারি।র‌্যাব-৭ সূত্র জানায়, জুর্গাছড়ির আস্তানাটি সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি। ওই আস্তানা থেকে পাহাড়ে সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রিত হতো। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব জুর্গাছড়ির আস্তানায় অভিযান চালায়।‘সুমতির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নেই’: গতকাল সন্ধ্যা ছয়টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে নিহত সুমতিকে শনাক্ত করেন তাঁর স্ত্রী ডলি চৌধুরী ও মহালছড়ির মাসছড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ভবোদত্ত চাকমা। ভবোদত্ত প্রথম আলোকে বলেন, ‘সুমতি চাকমা একজন কৃষক। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়নি।’সুমতির স্ত্রী ডলি প্রথম আলোকে বলেন, ‘আমার বড় ছেলে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে পড়াশোনা করে। কাল (আজ শনিবার) ওর পরীক্ষার ফরম পূরণ করার দিন ছিল। ফরম পূরণের টাকা জোগাড়ের জন্য লক্ষ্মীছড়ির জুর্গাছড়িতে আত্মীয়ের বাসায় গিয়েছিলেন সুমতি। তিনি কোনো সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত নন।’খাগড়াছড়ি হাসপাতালে অবস্থানরত লক্ষ্মীছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান ভূঁইয়া বলেন, লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যরা সুমতির জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেছে। সুমতির বিরুদ্ধে তাঁদের থানায় সন্ত্রাসের কোনো অভিযোগ নেই।লক্ষ্মীছড়ি উপজেলা জেএসএসের আহ্বায়ক অনিল চাকমা প্রথম আলোকে বলেন, র‌্যাব নিরীহ গ্রামবাসীদের ওপর আক্রমণ চালিয়েছে। র‌্যাবের গুলিতে নিহত ব্যক্তি বৃহস্পতিবার মহালছড়ির পশ্চিম কায়াংঘাট এলাকা থেকে জুর্গাছড়িতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। অনিল বলেন, নিহত ব্যক্তিকে র‌্যাব আটক করার পর গুলি করে হত্যা করেছে। আর লক্ষ্মীরঞ্জন চাকমা নামের যাকে আটক করা হয়েছে, সে ১৩-১৪ বছরের কিশোর। অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো নাটক বলে তিনি দাবি করেন। লক্ষ্মীরঞ্জনের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বড়ইতলী এলাকায়।প্রথম আলোর মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, গতকাল সকালে লক্ষ্মীছড়ি সদরে গেলে জানা যায়, র‌্যাবের অভিযান চালানো জুর্গাছড়ি গ্রামটি লক্ষ্মীছড়ি থানা থেকে প্রায় ২০০ গজ দূরে। নাম প্রকাশে অনিচ্ছুক লক্ষ্মীছড়ি বাজারের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী সন্ত্রাসীদের হাতে জিম্মি। সন্ত্রাসীদের ভয়ে প্রায়ই বাজারের দোকানপাট বন্ধ রাখতে হয়। এদিকে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্রপরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপরুচি মারমা বলেন, জুর্গাছড়ি এলাকাটি জেএসএসের সদস্যরা নিয়ন্ত্রণ করে। তারা প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। জেএসএস নেতা অনিল চাকমা ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করেছেন।যোগাযোগ করা হলে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বলেন, র‌্যাবের বন্দুকযুদ্ধে নিহত সুমতির লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। র‌্যাব অভিযোগ করলে থানায় মামলা হবে।