খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলায় গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় সুধীরাজ চন্দ্র চাকমা (৭২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সন্ত্রাসীরা তিনজনকে অপহরণ করেছে।উপজেলার কমলছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের বড় ছেলে কালাধন চাকমা প্রথম আলো অনলাইনকে জানান, গতকাল রাতে একদল সন্ত্রাসী পানি খাওয়ার কথা বলে তাঁদের ঘুম থেকে জাগিয়ে তোলে। দরজা খোলার পর সন্ত্রাসীরা ঘরের ভেতর প্রবেশ করে তুঙ্গ্যচান চাকমাকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করে। আত্মরক্ষার্থে তুঙ্গ্যচান দা দিয়ে মারতে উদ্যত হলে সন্ত্রাসীরা পিছু হটে। এরপর সুধীরাজ চন্দ্র একটি কাঠের মুগর নিয়ে আত্মরক্ষা করতে চাইলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর সন্ত্রাসীরা সুধীরাজ চন্দ্র চাকমার ছেলে তুঙ্গ্যচান চাকমা (২৭), শ্যালক সময়ন চাকমা (৩৬) ও একই গ্রামের চারুতি রঞ্জন চাকমাকে তুলে নিয়ে যায়।খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাকিলা সোলতানা ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, গ্রামের একটি সালিস নিয়ে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।সুধীরাজের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।