খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে গত শুক্রবার এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের হামলায় অপর প্রার্থীর এক সমর্থক নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পরাজিত এক ইউপি সদস্য পদপ্রার্থীকে জবাই করা হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল শনিবার নির্বাচনী সহিংসতায় পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।খাগড়াছড়িতে নিহত ব্যক্তির নাম আবু কালাম (৩৮)। তাঁর বাবার নাম খলিলুর রহমান। আহত ব্যক্তিরা হলেন—সাহাব উদ্দিন, আবুল কালাম, আবুল কালাম স্বপন, মো. লিটন ও মো. মেরাজ। তাঁদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে তবলছড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লিটন জানান, চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদেরের সমর্থনে একটি জিপগাড়ি নিয়ে গত শুক্রবার তাঁরা প্রচারে বের হন। বিভিন্ন এলাকা ঘুরে বিকেল চারটার দিকে তাঁরা শুকনাছড়ি ৩ নম্বর এলাকায় পৌঁছান। এ সময় অপর চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম ভূঁইয়া তাঁর সমর্থকদের নিয়ে রাস্তার ওপর সমাবেশ করছিলেন। তাঁদের গাড়িটি সেখানে পৌঁছানোর পরপরই আবুল কাশেমের ছোট ভাই ইব্রাহীম ভূঁইয়া ও দুলাল ভূঁইয়ার নেতৃত্বে একদল যুবক তাঁদের ওপর হামলা করে। হামলাকারীদের হাতে কিরিচ, ছুরি, হকিস্টিক, লোহার রড, বাটালি ও লাঠি ছিল। তাদের অস্ত্র ও লাঠির আঘাতে পাঁচজন আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। আবু কালামের অবস্থার অবনতি হলে রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর চারটার দিকে তিনি মারা যান।আহত সাহাব উদ্দিন জানান, তাঁদের মারধর করার পর হামলাকারীরা গুরুতর আহত আবুল কালামকে (পিতা: খলিল মেকার) পাশের একটি পুকুরের পানিতে ফেলে দেয়। তখন মো. মেরাজ নামের আবুল কাশেম ভূঁইয়ার এক সমর্থক তাঁকে পানি থেকে তুলে আনেন। এ সময় মেরাজকেও মারধর করা হয়। মেরাজও সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নির্বাচনী সহিংসতায় একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করে গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেমকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে মাটিরাঙ্গা সদর থেকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত সদস্য পদপ্রার্থী বদিউদজ্জামাকে (৫০) কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ময়নাকান্দি গ্রামের কবরস্থানের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বদিউজ্জামান শুক্রবার সন্ধ্যার দিকে পাশের বরধুল হাটে ছিলেন। এরপর তাঁকে আর দেখা যায়নি। গতকাল ভোরে ময়নাকান্দি কবরস্থানের কাছে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।গত ৯ জুন অনুষ্ঠিত নির্বাচনে বদিউজ্জামান ঝাউল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী ছিলেন।কামারখন্দ থানার ওসি সোহরাব হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরের আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া তাঁর গলা কাটা ছিল। ওসি সোহরাব জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সুফিয়া বেগম গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন।বদিউজ্জামানের বড় ভাই চান মিয়া বলেন, তাঁর ভাই নির্বাচনে অংশগ্রহণ করলেও কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা ছিল বলে শোনা যায়নি।ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুপুরে সুহিলপুর ইউনিয়নের ঋষিপাড়া গ্রামের শিতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ওই প্রার্থীর লোকজনের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে তিন পুলিশসহ ৩০ জন আহত হন। গুলিবিদ্ধ রামধন দাস ও জিতেন্দ্র দাসকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া দুপুরে নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসীরা পর পর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।গোবিন্দগঞ্জ: উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে প্রথম দফায় গতকাল নয়টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। নির্বাচন চলাকালে রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও জোর করে ব্যালট পেপারে সিল মারা নিয়ে দুই সদস্য পদপ্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেতে ১৩টি ফাঁকা গুলি করা হয়। এ ঘটনায় সদস্য পদপ্রার্থী আলেক উদ্দিন ও তাঁর সমর্থক আপেল মাহমুদ, নুরুজ্জামান ও রনজু মিয়াকে আটক করে পুলিশ। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি]