খাগড়াছড়িতে ১৪৪ ধারা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে গত শনিবারের সহিংস ঘটনার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ি, রাঙামাটিতে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ১১ আহত হন। সংঘর্ষের ঘটনায় পুলিশ রাঙামাটি থেকে একজনকে গ্রেপ্তার করেছে। খাগড়াছড়িতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অবরোধ পালনকারী ইউপিডিএফ নেতা-কর্মীরা চেঙ্গিস্কোয়ারের দিক থেকে লাঠিসোঁটাসহ খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গিয়ে টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এরপর তাঁরা শহরের দক্ষিণ-পশ্চিম দিকে পানখাইয়াপাড়ার দিকে যান। সেদিক থেকে ফিরে আসার পথে শাপলা চত্বরে পৌঁছালে বাঙালি ছাত্র পরিষদের মুখোমুখি হন তাঁরা। এ সময় অনেক দোকানিসহ সাধারণ বাঙালিও ইউপিডিএফের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার ছবি ধারণ করার সময় লাঞ্ছিত হন ঢাকা থেকে আসা এনটিভি ও বাংলাভিশনের কর্মীরা। বেলা একটার দিকে বাঙালিরা ইউপিডিএফের কর্মীদের ধাওয়া করে মহাজনপাড়া পর্যন্ত নিয়ে গিয়ে আদিবাসীদের বাড়িঘর, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময় শহরের মিলনপুর ও কবংপয্যে এলাকায়ও কয়েকটি আদিবাসী বাড়িঘরে আগুন লাগানোর খবর পাওয়া গেছে। ঘটনায় কমপক্ষে চারজন আদিবাসী গুরুতর আহত হয়েছেন বলে আদিবাসীরা দাবি করছে। তবে প্রশাসন বলছে, এ ধরনের খবর তাদের জানা নেই। এ অবস্থায় খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির জাফর জানিয়েছেন।অন্যদিকে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে ইউপিডিএফের কর্মীদের সঙ্গে বাঙালিদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিমুল চাকমা নামের এক ইউপিডিএফকর্মীকে পুলিশ আটক করেছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।