খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, তবে বাঘাইছড়িতে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে উদ্ভূত পরিস্থিতিতে জারি করা অনির্দিষ্টকালের ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি সার্বিকভাবে উন্নতি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়িতে এখনো ১৪৪ ধারা বহাল আছে।খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর জানান, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি উন্নতি হওয়ায় আজ দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি আসাদুজ্জামান খান খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মো. আবু কালাম সিদ্দিককে নিয়ে আজ দুপুরে বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের শিকার তিনটি শিক্ষক পরিবারকে দেখতে যান। এ সময় তিনি খাগড়াছড়ি পুলিশ প্রশাসনকে বলেন, ‘এটা সুপরিকল্পিত হামলা। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এ ক্ষেত্রে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না।’এদিকে, বাঘাইছড়ি উপজেলায় ১৪৪ ধারা বহাল থাকা প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘এখনো হ-য-ব-র-লর মধ্যে আছি।’গত মঙ্গলবার দুপুরের দিক থেকে খাগড়াছড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা প্রশাসক খাগড়াছড়ি পৌর এলাকা ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে।